৪৬ দিন পর মাঠে ফিরেই সমালোচকদের জবাব দিলেন লাওতারো
চোটের অন্ধকার পেরিয়ে ফিরেছেন তিনি। অপেক্ষার ৪৬ দিন, কঠোর পরিশ্রম আর নিজেকে নতুন করে ফিরে পাওয়ার লড়াই। কিন্তু মাঠে ফিরেই যেন বুঝিয়ে দিলেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্তিনেজ। তার দুর্দান্ত প্রত্যাবর্তনের রাতে জেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার। তবে এই জয় কি শুধু তিন পয়েন্টের, নাকি সমালোচকদের জন্যও এক শক্ত জবাব?
গতকাল শনিবার (২৮ নভেম্বর) সান সিরোর রাতটা ছিল লাওতারোর জন্য বিশেষ কিছু। গত ১০ অক্টোবর ঊরুর চোটে পড়েছিলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। এরপর ছয় সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গত সপ্তাহে বদলি হিসেবে অল্প সময়ের জন্য মাঠে ফিরলেও শনিবারই প্রথম শুরুর একাদশে জায়গা পান। আর সুযোগ পেয়েই গোল। বুঝিয়ে দেন, দীর্ঘ বিরতি তার গোল করার ক্ষুধা একটুও কমাতে পারেনি।
ম্যাচ শেষে নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন লাওতারো। স্কাই স্পোর্ট ইতালিয়াকে তিনি বলেন, ‘আমার খুব গুরুতর চোট হয়েছিল। তবে কঠোর পরিশ্রম সব সময়ই ফল দেয়। এই ফেরার জন্য আমি ৪৬ দিন অপেক্ষা করেছি। কখনো কখনো দিনে দুবার অনুশীলন করেছি। তবে সবচেয়ে ভালোভাবে ফিরতে পেরেছি, যাতে দলকে সাহায্য করতে পারি।’
লাওতারোর গোলের পর যেন আরও বিধ্বংসী হয়ে ওঠে ইন্টার। মার্কাস থুরাম করেন জোড়া গোল। পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখান পেতার সুচিচ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা।
এর আগে আতালান্তার বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছিল ইন্টার। দুই গোলের লিড নিয়েও জয় তুলে নিতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল দলটিকে। তাই জেনোয়ার বিপক্ষে এই জয় ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় সুযোগ।
সমালোচনা নিয়ে অবশ্য পাল্টা অভিযোগ তোলেননি লাওতারো। বরং অধিনায়ক হিসেবে দলের ভুলের দায় স্বীকার করেছেন তিনি। তার মতে, সমালোচকদের দোষারোপ না করে নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া জরুরি।
লাওতারো বলেন, ‘সমালোচনা মেনে নিতে হবে। কারণ, এই পরিস্থিতিতে আমরাই নিজেদের ফেলেছি। ইন্টারকে তার আসল জায়গায় ফিরিয়ে নিতে হবে আমাদের। নিজেদের সেরাটা দিয়ে যেতে হবে, ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। কখনো না জিতলে হয়তো আমরা ভুল করেছি, অথবা ওই রাতে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। যে কারণই হোক, এ নিয়ে কাজ করে যেতে হবে।’
গত সাত-আট বছরের মধ্যে বর্তমান ইন্টার দলটিই সবচেয়ে শক্তিশালী কি না, এমন প্রশ্নও করা হয়েছিল অধিনায়ককে। তবে এমন তুলনায় আগ্রহ নেই তার। লাওতারোর কাছে দলের শক্তিমত্তার আসল পরীক্ষা মাঠেই। কথায় নয়, পারফরম্যান্স দিয়েই নিজেদের প্রমাণ করতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এ ধরনের বিতর্ক পছন্দ করি না। কারণ, প্রতিদিন মাঠে নিজেদের শক্তির প্রমাণ দিতে হয়। সেটা শুরু হয় অনুশীলন থেকে। এরপর ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে হয়।’
এরপর সতীর্থদের উদ্দেশে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। বলেন, ‘আমার সতীর্থরা মাঝেমধ্যে বলে, আমরাও শক্তিশালী দল। কিন্তু আমি সব সময় তাদের বলি, শুধু কথায় নয়, আমাদের সেটা প্রমাণ করতে হবে।’
৪৬ দিনের অপেক্ষা শেষে গোল করে ফিরেছেন লাওতারো। দলও পেয়েছে বড় জয়। আপাতত মাঠের পারফরম্যান্সেই সমালোচনার জবাব দেওয়ার পথে ইন্টার অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক