বার্সেলোনার অপেক্ষা বাড়াল রিয়াল মাদ্রিদ
লা লিগার শিরোপা পুনরুদ্ধারের আশা বলতে গেলে শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে এখনই উৎসবে মেতে উঠতে দিচ্ছে না আলভারো আরবেলোয়ার দল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে এস্পানিওলকে হারিয়ে কাগজে-কলমের ক্ষীণ সম্ভাবনাটুকু এখনো বাঁচিয়ে রাখলো লস ব্লাঙ্কোরা।
রোববার (৩ মে) দিনগত রাতে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার শিরোপা উদযাপনের অপেক্ষা অন্তত এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে রিয়াল।
৩৪ ম্যাচ শেষে ২৪ জয় ও ৫ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বার্সেলোনা। দুই দলের ব্যবধান এখন ১১ পয়েন্ট।
আগামী সপ্তাহে এই দুই দলের ‘এল ক্লাসিকো’তে হার এড়াতে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার।
এস্পানিওলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি শুরু হয়েছিল দুঃসংবাদ দিয়ে। ম্যাচের মাত্র ১৪ মিনিটের মাথায় আবারও চোট পেয়ে মাঠ ছাড়েন লেফট-ব্যাক ফেরলান্ড মেন্ডি। বারবার চোটে পড়ায় চলতি মৌসুমে মাত্র ৯টি ম্যাচ খেলতে পেরেছেন এই ফরাসি তারকা।
প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করে। বিরতির ঠিক আগে গোলরক্ষক আন্দ্রে লুনিনের দুর্দান্ত এক সেভে বেঁচে যায় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় রিয়াল। ম্যাচের ৫৫তম মিনিটে গন্সালো গার্সিয়ার সঙ্গে দারুণ বোঝাপড়ায় ডি-বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস। ফিরতি পাস পেয়ে নিপুণ দক্ষতায় বল জালে জড়ান তিনি।
দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন ভিনি। ম্যাচের ৬৬তম মিনিটে এবার জুড বেলিংহ্যামের ব্যাকহিল থেকে বল পেয়ে জোরালো শটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এ নিয়ে লিগে ১৫টি গোল করলেন ভিনিসিয়াস।
নিজেদের মাঠে রিয়ালের চেয়ে বেশি শট নিলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি এস্পানিওল। এই হারে ৩৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে পড়ে রইল তারা।

স্পোর্টস ডেস্ক