স্কালোনিকে নিয়ে সুখবর দিলো আর্জেন্টিনা
বিশ্বকাপের পর আবারও মাঠে ফিরছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ফিফার চলতি আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে আলবিসেলেস্তেদের। আর এই পর্বের শেষ ম্যাচটি হতে যাচ্ছে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। এরই মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের জন্য আশার খবর দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি। তার অধীনেই ২০২২ সালে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। তবে ২০২৬ বিশ্বকাপের পরে তার চুক্তি নবায়ন নিয়ে চলছিল আলোচনা। এবার লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়ার আলোচনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এএফএ।
এএফএ তাদের অফিসিয়াল চ্যানেলে লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে তাপিয়া ও স্কালোনির একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, ‘এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া ও কোচ লিওনেল স্কালোনির মধ্যে আলবিসেলেস্তে দলকে নেতৃত্ব দিতে তার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।’
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। চলতি বছরের ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। তবে কয়েক দিন আগে জানা যায়, আর্জেন্টিনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন এই কোচ।
যদিও এখনো চুক্তি নবায়নের বিষয়টি চূড়ান্ত হয়নি, তবে টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত স্কালোনির সঙ্গে নতুন চুক্তি করার আলোচনা চলছে। পাশাপাশি চুক্তিটি আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রাখার সুযোগও খোলা রাখা হতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফসি)।

স্পোর্টস ডেস্ক