মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
লিওনেল মেসি বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। এ নিয়ে কোনো দ্বিমত নেই। কাতালান ক্লাবটির সঙ্গে তার ২১ বছরের সম্পর্কজুড়ে রয়েছে অসংখ্য স্মৃতি ও সাফল্য। এবার সেই অবদানের যথাযথ সম্মান জানাতে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাব সদস্যদের এক সভায় বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা জানান, ক্লাবের ইতিহাসে মেসির অবদানের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন করতে চান তারা। তবে সংবর্ধনার জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক করা হয়নি।
লাপোর্তার ভাষ্য অনুযায়ী, স্পটিফাই ক্যাম্প ন্যুর সংস্কারকাজ পুরোপুরি শেষ হওয়ার পরই মেসিকে সম্মান জানানোর আয়োজন করা হবে। তবে এর জন্য মেসির সম্মতিও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হলে আমরা এই সংবর্ধনার আয়োজন করব, যদি তিনি (মেসি) নিজে এটি চান।’
২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি ঘটে মেসির। সে সময় মেসি ও বার্সেলোনা-- দুই পক্ষই চেয়েছিল সম্পর্কটা আরও এগিয়ে নিতে। কিন্তু ক্লাবের আর্থিক সংকট এবং লা লিগার আর্থিক নীতিমালার কারণে নতুন চুক্তি করা সম্ভব হয়নি। এরপর বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন আর্জেন্টাইন তারকা।
বার্সেলোনা ছাড়ার সময় সমর্থকদের সামনে ক্যাম্প ন্যুতে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সুযোগও পাননি মেসি। ২০২১ সালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। সেই অপূর্ণ বিদায়কেই এবার বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণতা দিতে চায় বার্সেলোনা।
ক্লাব সদস্যদের সাধারণ সভায় মেসিকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে লাপোর্তা জানান, স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ হওয়ার পর তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, মেসি রাজি থাকলে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শকের সামনে ক্যাম্প ন্যুতে তাকে সম্মান জানানো যেতে পারে।
ক্যাম্প ন্যুর সংস্কারকাজ ২০২৮ সালের গ্রীষ্মে শেষ হওয়ার কথা। ফলে স্টেডিয়ামটি পূর্ণ সক্ষমতায় ফেরার পরই মেসির সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা করছে বার্সেলোনা। তবে অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
সংবাদ সম্মেলনে বার্সা সভাপতি লাপোর্তা মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। গত ৮ আগস্ট ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। লিওনেল মেসির ক্যারিয়ার গঠনে তার অসামান্য ভূমিকার প্রশংসাও করেন তিনি।
মেসিকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্য নতুন নয়। ২০২১ সালেও লাপোর্তা জানিয়েছিলেন, মেসিকে তার প্রাপ্য সম্মান জানানোর ইচ্ছা রয়েছে বার্সেলোনার। এবার সেই আয়োজনের সম্ভাব্য মঞ্চ হিসেবে সংস্কার শেষে ক্যাম্প ন্যুকেই সামনে এনেছেন ক্লাব সভাপতি।

স্পোর্টস ডেস্ক