চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা
টানটান উত্তেজনা, রোমাঞ্চকর লড়াই আর অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্পের মধ্য দিয়ে শেষ হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্ব। গত দুই দিনের লড়াই শেষে নির্ধারিত হয়ে গেছে শেষ ষোলোর পূর্ণাঙ্গ তালিকা। রিয়াল মাদ্রিদ, পিএসজির মতো বড় দলগুলো পরের রাউন্ডে উঠলেও কপাল পুড়েছে ইন্টার মিলান, জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ডের মতো জায়ান্টদের।
সবচেয়ে বেশি নাটকীয়তা ছড়িয়েছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা ম্যাচ। বর্ণবাদের অভিযোগে প্রেস্তিয়ান্নি এবং কোচ হোসে মরিনহোকে ছাড়াই মাঠে নেমেছিল বেনফিকা। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও ২-১ গোলে হেরে ৩-১ অ্যাগ্রিগেটে বিদায় নিতে হয়েছে পর্তুগিজ ক্লাবটিকে।
এদিকে পিএসজি ও মোনাকোর লড়াইয়ে শেষমুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও প্রথম লেগের লিড কাজে লাগিয়ে ৫-৪ গোলে এগিয়ে থেকে শেষ হাসি হাসে পিএসজি।
তবে সবচেয়ে বড় অঘটন ঘটেছে জুভেন্টাস ও গালাতাসারাই ম্যাচে। প্রথম লেগে ৫-২ গোলে পিছিয়ে থাকা জুভেন্টাস ঘরের মাঠে ৩-২ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
অন্যদিকে, ঘরের মাঠে ৪-১ গোলে জিতে বরুশিয়া ডর্টমুন্ডকে বিদায় করে চমক দেখিয়েছে ইতালির ক্লাব আটালান্টা।
প্লে-অফের বাধা টপকে শেষ ষোলো নিশ্চিত করা ৮টি দল হলো– রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, আটালান্টা, গালাতাসারাই।
প্লে-অফ থেকে আসা ৮টি দলের সঙ্গে যোগ দিচ্ছে আগে থেকেই সরাসরি সুযোগ পাওয়া শীর্ষ ৮টি দল। তারা হলো— আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
১৬টি দল চূড়ান্ত হওয়ার পর এখন ফুটবল প্রেমীদের নজর আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ষোলোর ড্রয়ের দিকে। সেখানেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে।

স্পোর্টস ডেস্ক