বাংলাদেশ ও ভারতকে নিয়ে সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলমান থাকলেও থেমে নেই বিতর্ক। আইসিসি ব্যস্ত সময় পার করছে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে। এই ইস্যুতে দফায় দফায় বৈঠক হয়েছে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে। এখনও কোনো সুরাহা হয়নি। রোববার (৮ ফেব্রুয়ারি) সর্বশেষ সভাতেও আসেনি কোনো সিদ্ধান্ত। উল্টো জানা গেছে, আইসিসিকে নতুন প্রস্তাব দিয়েছে পিসিবি।
পিসিবি চায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ও ভারতকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে। খবর ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের। তবে আইসিসির পক্ষ থেকে কী জবাব এসেছে, তা জানা যায়নি। একটি সূত্র অবশ্য বলছে, পিসিবির এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আইসিসি।
এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করে, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি।
আইসিসির এই সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ বলে সমালোচনা করে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরই পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে, তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় একটি আয় আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। যেটি না এলে লাভ দূরে থাক, বড় ধরনের লসের মধ্য দিয়ে বিশ্বকাপ আয়োজন করতে হবে আইসিসিকে।
এই সমস্যার সমাধান করতে লাহোরে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিল বিসিবি, পিসিবি ও আইসিসি। বিসিবির পক্ষ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পিসিবির পক্ষ থেকে ছিলেন চেয়ারম্যান মহসিন নাকভি আর আইসিসির পক্ষ থেকে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন তাদের এক প্রতিবেদনে জানায়, লাহোরে প্রায় ৪ ঘণ্টা ধরে চলে এই ত্রিপক্ষীয় বৈঠক। তবে বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি কোনো পক্ষ থেকেই।

স্পোর্টস ডেস্ক