ভারতকে রুখে দিয়ে সাফ শুরু বাংলাদেশের
ফুটসালে বাংলাদেশের যাত্রাটা বেশি দিনের নয়। কিন্তু মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ সেটি বুঝতে দিচ্ছে খুব কমই। প্রথমবার অংশ নিয়ে সাফ চ্যাম্পিয়শিপেও আলো ছড়ালো লাল-সবুজের প্রতিনিধিরা। জয় না পেলেও ভারতকে রুখে দিয়ে শুরু করেছে সাফের মিশন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) থাইল্যান্ডের ননথাবুরি হলে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৪-৪ গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের নবম মিনিটেই লিড পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক রাহবার খানের পাস ধরে ডান দিক থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মঈন আহমেদ।
সেই লিড অবশ্য বাংলাদেশ বেশি সময় ধরে রাখতে পারেনি। ১২ মিনিটে ভারতকে স্বস্তির সমতা এনে দেন আনমোল অধিকারী। ৩ মিনিট পর আবারও লিড পায় বাংলাদেশ। এবার মঈনের পাস থেকে ভারতের জাল কাপান রাবহার।
এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত বাংলাদেশ। তবে শেষ মিনিটে ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে গোলকিপারকে বিভ্রান্ত করে খুঁজে নেয় জাল।
দ্বিতীয়ার্ধেও ভারতের ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। তবে এবার লিড নিয়ে নেয় ভারত। ম্যাচের ২৭ মিনিটে লালরিনজুয়ালার শট বুক দিয়ে জালে ঠেলে দ্বিতীয়ার্ধে ভারতকে এগিয়ে নেন রোলুয়াপুইয়া।
বাংলাদেশ ম্যাচে ফেরে চার মিনিট পরই। ৩১ মিনিটে দূরূহ কোণ থেকে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে বাংলাদেশকে সমতা এনে দেন মঈন।
এরপর ৩৬তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে বাংলাদেশের বিপদ বাড়ান গোলকিপার। সতীর্থের পাস ধরে ফাঁকা জালে অনায়াসে বল জড়িয়ে দেন রোলুয়াপুইয়া। ফের এগিয়ে যায় ভারত।
এরপর ভারতকে জবাব দিতে সময় নেয়নি বাংলাদেশ। পরের মিনিটেই আবারও ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। ভারতের আনমোল তালগোল পাকিয়ে বল হারালে পেয়ে যান অধিনায়ক রাহবার। দারুণ ক্ষিপ্রতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করে ৪-৪ সমতায় ফেরান দলকে।
শেষ মুহুর্তে আবারও বল জালে জড়িয়েছিল বাংলাদেশ। তবে, শট নেওয়ার এক মুহূর্ত আগে শেষ বাঁশি বাজান রেফারি।
বাংলদেশ নিজেদের পরের ম্যাচ খেলবে আগামী শুক্রবার মালদ্বীপের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক