সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে মির্জা ফখরুলের অভিনন্দন
প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪–০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় সাফল্যে বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (২৫ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল বলেন, প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বাংলাদেশ নারী ফুটসাল দল সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে গৌরবময় সম্মান বয়ে এনেছে, তাতে আমি গভীরভাবে গৌরবান্বিত। এটি মালদ্বীপের বিপক্ষে সাফ নারী ফুটসালে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
মির্জা ফখরুল আরও বলেন, এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে বাংলাদেশ দলের সুদৃঢ় মনোবল, শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্য আরও একধাপ এগিয়ে গেল। অদূর ভবিষ্যতে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
বিএনপি মহাসচিব সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সঙ্গে সংশ্লিষ্ট সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও আয়োজকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁদের সর্বাঙ্গীণ মঙ্গল ও সাফল্য কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক