ইমান আলমকে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
ফুটবলের ক্ষুদে সংস্করণ ফুটসালে এ বছরই প্রথম যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল। মাস দুয়েক আগে মালয়েশিয়া গিয়েছিল এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে। সেখানে যোজন যোজন এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে খারাপ করেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার মিশন সাফ চ্যাম্পিয়নশিপ।
আগামী ১৪ জানুয়ারি থাইল্যান্ডে বসবে পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপের আসর। সেই টুর্নামেন্টের জন্য মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
চলতি বছর প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। সেই ট্রায়ালে অংশ নিয়েছিলেন ইংল্যান্ড প্রবাসী ইমান আলম। বেশ নজরও কেড়েছিলেন তিনি। তবে ফুটবল দলে জায়গা হয়নি তার। এবার ডাক পেলেন ফুটসাল দলে। প্রথমবার লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন তিনি।
এর বাইরে খুব বেশি চমক নেই স্কোয়াডে। গত এশিয়ান কাপ বাছাইয়ে যারা খেলেছিলেন তাদের অনেকেই আছেন এই স্কোয়াডে। এই টুর্নামেন্টেও বাংলাদেশের আর্মব্যান্ড থাকছে কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই।
বাংলাদেশের স্কোয়াড
রাহবার খান (অধিনায়ক), ইনতিশার মোস্তফা চৌধুরী (সহ-অধিনায়ক), মোহাম্মদ তুহিন (সহ-অধিনায়ক ২), কাজী ইব্রাহীম আহমেদ (সহ-অধিনায়ক ৩), মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ মঈন আহমেদ, তাজওয়ার বিন কাশেম, ফয়েজ আহাম্মেদ, ইমান মোহাম্মদ আলম, ফয়সাল হোসাইন, ফায়েদ আজিম, আবির হোসেন, রায়ান মাহবুব চৌধুরী, জাহিদ হাসান রাব্বি, জান্নাতুল নাঈম পারভেজ, তান্নুভ মেহতাব।

স্পোর্টস ডেস্ক