বিসিবির নতুন টুর্নামেন্ট : কোন দলে খেলবেন কারা?
বিশ্বকাপে না খেলার কারণে এই সময় আর কোনো সূচি ছিল না বাংলাদেশ দলের। ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিশ্বকাপের সময় নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি-২০২৬ নামের এই টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বিসিবি। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। টুর্নামেন্টে তিনটি দলে ভাগ করা হবে ক্রিকেটারদের। ইতোমধ্যে তিন দলের অধিনায়কদের নাম ঘোষণা করেছে বিসিবি।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) তিন দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রতিটি দলে মোট ১৩ জন করে ক্রিকেটার রাখা হয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবার চালু হচ্ছে ‘ইম্প্যাক্ট সাব’ নিয়মের।
লিটন দাসের নেতৃত্বে খেলবে ‘ধুমকেতু’ একাদশ। এই দলের সবাই জাতীয় দলের ক্রিকেটার। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলবে ‘দুর্বার’ একাদশ। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলবে ‘দুরন্ত’ একাদশ।
৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সন্ধ্যা ৬টায় খেলা শুরু। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে এই আসর।
ধুমকেতু একাদশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দুর্বার একাদশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ।
দুরন্ত একাদশের স্কোয়াড
আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরারম, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, আজিজুল হাকিম তামিম, মাহিদুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আবদুল গাফ্ফার সাকলাইন, রিপন মন্ডল, রাকিব হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

স্পোর্টস ডেস্ক