সাফজয়ী নারী ফুটসাল দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনা
নারী ফুটসাল মানেই যেন সাফল্য। দীর্ঘদিন পর ফুটবলের ক্ষুদ্র সংস্করণ ফুটসালে ফিরেই শিরোপা জয় করেছে বাংলাদেশ। থাইল্যান্ডে অনুষ্ঠিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজেয় থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপাজয়ী দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শিরোপা নিয়ে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সাফজয়ী নারী ফুটসাল দল। তাদের সংবর্ধনা দিতে আগে থেকেই ছাদ খোলা বাসের আয়োজন করে রেখেছিল বাফুফে।
দেশে ফিরে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে শিরোপা উদযাপন করছেন ফুটবলাররা। বাসে করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন শিরোপাজয়ী ফুটবলাররা।
শুধু ছাদ খোলা বাস নয়, শিরোপা জয়ী ফুটবলারদের জন্য আরও আয়োজন করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নারী ফুটবলাররা যাবেন হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে তাদের দেওয়া সংবর্ধনা।
এর আগে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। ছয় ম্যাচ খেলে ৫টিতে জয় আর একটি ড্র করেছিল সাবিনা খাতুনের দল। শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছিল ১৪-২ গোলের ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক