অপ্রতিরোধ্য থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ
নেপালে বসেছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্ব। ১০ দলের বাছাইপর্বে বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি কোনো দল। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও অপ্রতিরোধ্য থেকে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানিতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলে নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এ নিয়ে ৭ ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেল লাল-সবুজের প্রতিনিধি।
স্বল্প রান তাড়ায় নেমেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৬ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার- জোয়ায়রিয়া ফেরদৌস (১ বলে ০) আর দিলারা আক্তার (৪ বলে ৪)।
তিন নম্বরে নেমে দেখেশুনে শুরু করেন শারমিন আক্তার সুপ্তা। অনেকক্ষণ উইকেটে থেকেও দলের হাল ধরতে পারেননি তিনি। ফিরেছেন ২৮ বলে ১৩ রান করে। তবে এরপর আর কোনো অঘটন ঘটতে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর সোবহানা মুস্তারি। চতুর্থ উইকেট জুটিতে অপরাজিত ৫৭ রান করেন এই দুজন।
এর মাঝে হাফসেঞ্চুরি তুলে নেন জ্যোতি। ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। আর ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন সোবহানা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে নেদারল্যান্ডস। নাহিদা আক্তারের স্পিন বিষে নীল হয় নেদারল্যান্ডসের ব্যাটাররা। টপঅর্ডারের চার ব্যাটারের একজনও দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।
মিডল অর্ডারের দলের হাল ধরে কোনোমতে ১০০ পার করেন রবিন রাইকা আর সানিয়া খুরানা। ষষ্ঠ উইকেটে ৭৮ রানের জুটি গড়েন তারা। পাঁচ নম্বরে নেমে ৪৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেন রাইকা। তাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন স্বর্ণা আক্তার।
রাইকা ফিরলেও অপরাজিত থেকে মাঠ ছাড়েন সানিয়া। ৩৭ বলে ৪৩ রান করেন তিনি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এর একটি করে উইকেট নেন মারুফা আক্তার, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।

স্পোর্টস ডেস্ক