বিশ্বকাপ ইস্যুতে এবার যা বললেন শান্ত
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন পর্যন্ত সূচি অনুযায়ী, বাংলাদেশের সবগুলো ম্যাচ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মুস্তাফিজুর রহমান ইস্যুর পর আর ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। সেটি নিয়েই উত্তপ্ত দেশের ক্রিকেটপাড়া। অনেকটা অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ খেলা।
শুধু এবারই নয়, সর্বশেষ কয়েকটি বিশ্বকাপেই একই অবস্থার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। বিশ্বকাপের আগে তৈরি হয়েছে মাঠের বাইরের বিতর্ক। যেটির প্রভাব পড়েছে মাঠের খেলায়ও। বিশ্বকাপের মুলমঞ্চে গিয়ে বাজে পাফরম্যান্স করে দেশে ফিরেছে দল।
নাজমুল হোসেন শান্ত নিজেও সেসবের স্বাক্ষী ও ভুক্তভোগী। এতদিন চুপ থাকলেও এবার যেন নিরব বোমা বিস্ফোরণ ঘটালেন শান্ত। বিসিবির ‘কোড অব কন্টাক্ট’ এর তোয়াক্কা না করেই বলে দিলেন অনেক কথা। যদিও তিনি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেই।
মাঠের বাইরের সেসব বিতর্ক নিয়ে শান্ত বলেন, ‘আমাদের বিশ্বকাপের ফলাফল যদি দেখেন, কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলিনি। গত বছর বিশ্বকাপে আমরা ভালো করেছি, তবে আরও ভালো করার সুযোগ ছিল। আমরা পারিনি। কিন্তু আপনি দেখবেন, প্রতিটি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। আমি দু-তিনটি বিশ্বকাপ যা-ই খেলেছি, এই জিনিসগুলোর প্রভাব পড়ে।’
এর আগে বরাবরই ক্রিকেটাররা বলতেন, এসবের কোনো প্রভাব মাঠে পড়ে না। এমনকি শান্ত নিজেও বলেছেন। এবার তিনি জানালেন, সেসবই ছিল অভিনয়। শান্ত বলেন, “আমরা অভিনয় করি যে, ‘নাহ, আমাদের কিছু হয় না, আমরা দারুণ পেশাদার ক্রিকেটার।’ কিন্তু আপনারাও জানেন, আমরা অভিনয় করি। এটা সহজ নয়। ক্রিকেটাররা এরপরও অবশ্যই চেষ্টা করে ওসবকে দূরে রেখে দলের জন্য পারফর্ম করতে। তবে এসব না হলেই ভালো।”
আগের সব বিতর্কের চেয়ে এবারের বিষয়টা একেবারেই ভিন্ন। শান্ত নিজেও মনে করছেন সেটি। পাশাপাশি সব বিতর্ক পাশে ঠেলে বিশ্বকাপে ভালো খেলতে দলকে শুভ কামনা জানালেন তিনি।
শান্ত বলেন, ‘এবারের ব্যাপারটা আমি বলব যে, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা কীভাবে হয়ে গেছে, বিস্তারিত জানি না। তবে যেটা হচ্ছে, এটা আসলে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি বা পারব কি না বা কোন পথে নিয়ন্ত্রণ করা যেত, এটা নিয়ে আমার ধারণা নাই।’
দলকে পরামর্শ দিয়ে শান্ত বলেন, ‘তার পরও আমি বলব, অভিনয় করে করে হলেও ভালো মানসিকতাটা নিয়ে বিশ্বকাপে যদি আমরা যাই, যেখানেই খেলি, ওখানে চেষ্টা করা উচিত যে, কীভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি।’

স্পোর্টস ডেস্ক