নতুন বছরের শুভেচ্ছা জানালেন ক্রীড়াঙ্গনের তারকারা
বদলেছে ক্যালেন্ডারের পাতা। নতুন বছরের আগমন হয়েছে। নতুন করে সাজছে দেশের ক্রীড়াঙ্গন। ক্রীড়াপ্রেমীরাও উদযাপন করছেন নতুন বছর। দেশের ক্রীড়াপ্রেমীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা।
জাতীয় দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । মহান আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করুন, আমাদের সকল গুনাহ মাফ করে তাঁর ছায়াতলে রাখার তৌফিক দিন।’
মুশফিক লিখেছেন, ‘দোয়া করি যেন তিনি আমাদের শক্তি ও সাহস যোগান সঠিক পথে থাকার জন্য। আমাদের হৃদয়কে পূর্ণ করেন ভালোবাসা ও ক্ষমা করার মানসিকতা দিয়ে। যাতে আমরা অন্যদের মঙ্গলে মানুষ হিসেবে পাশে দাঁড়াতে পারি। এই নতুন বছর আমাদের সবার জন্যে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও প্রজ্ঞা।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘২০২৫ সাল শেষ... ২০২৬ সালের দিকে তাকিয়ে। বাংলাদেশের মানুষদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।’
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে রাষ্ট্রীয় শোক। সেটিকে স্মরণ করে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘পুরো দেশ যখন শোকে স্তব্ধ, তখন আসুন আমরা আশা রাখি সামনের দিনগুলো সবার জন্য শান্তি, ঐক্য ও ইতিবাচকতা নিয়ে আসবে।’
তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান আমাদের প্রিয় দেশকে শক্তি, সম্প্রীতি এবং এক উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন। সবার জন্য একটি সমৃদ্ধ ও অর্থবহ বছরের শুভকামনা।’
নিজের ফেসবুক ছোট্ট এক স্ট্যাটাসে শুভেচ্ছা জানিয়েছেন নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্না চাকমা। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ২০২৫! নতুন বছর শুরু হোক নতুন সব চ্যালেঞ্জ নিয়ে।’

স্পোর্টস ডেস্ক