চোটে পড়েছেন মুশফিক, কবে মাঠে ফিরবেন?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে বাংলাদেশের একাদশ দেখে কিছুটা চমক জাগানিয়াই মনে হয়েছিল। একাদশে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে চোটের কারণে প্রথম টেস্টে খেলা হচ্ছে না মুশফিকের।
আজ বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আঙ্গুলে চোটের কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না মুশফিকের।
তিনি বলেন, ‘গতকাল অনুশীলনের সময় মুশফিকুর রহিম ডানহাতের তর্জনিতে ব্যাথা পেয়েছেন। সকাল পর্যন্ত সে পর্যবেক্ষণে ছিল। তবে উন্নতি না হওয়ায় এ ম্যাচে খেলা হচ্ছে না তার। আশাকরি তিনদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। পরবর্তী ম্যাচে পাওয়া যাবে তাকে।’
এদিকে, মুশফিকুর রহিমের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়। মাস দুয়েক আগে বাংলাদেশ ‘এ' দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন হৃদয়।

ক্রীড়া প্রতিবেদক