প্রিয় মানুষের কাছে থাকলে মস্তিষ্কে কী ঘটে?
প্রিয় মানুষের সঙ্গে দেখা করার কথা ভাবলেই মন ভালো হয়ে যায়? তাঁর সঙ্গে সময় কাটানোর ইচ্ছা কিংবা কাছে পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে শুধু আবেগ নয়, মস্তিষ্কেরও ভূমিকা রয়েছে। গবেষণায় দেখা গেছে, ভালোবাসার মানুষের কাছে যাওয়ার ইচ্ছা মস্তিষ্কে ডোপামিনের কার্যক্রম বাড়িয়ে দেয়।
প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে, একসঙ্গে সময় কাটানো যাবে, এমন ভাবনাতেই আনন্দ পান অনেকে। তাঁর হাত ধরা কিংবা পাশাপাশি বসে থাকার মতো ছোট মুহূর্তও হয়ে ওঠে বিশেষ। কিন্তু নির্দিষ্ট একজন মানুষের সঙ্গই কেন এত ভালো লাগে? এর উত্তর খুঁজেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে গবেষণাটির তথ্য। এতে বলা হয়েছে, ভালোবাসার মানুষের কাছে যাওয়ার বা তাঁর সঙ্গে সময় কাটানোর ইচ্ছা মস্তিষ্কে ডোপামিনের কার্যক্রম বাড়ায়। ডোপামিন একধরনের রাসায়নিক বার্তাবাহক, যা কোনো কিছু পাওয়ার আগ্রহ তৈরি করে এবং সেই দিকে এগিয়ে যেতে উৎসাহ দেয়।
গবেষণাটির প্রধান জো ডোনাল্ডসন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের আচরণগত স্নায়ুবিজ্ঞানের সহযোগী অধ্যাপক। তাঁর মতে, ভালোবাসার মানুষের প্রতি টান এবং সম্পর্ক ধরে রাখার ইচ্ছার পেছনে মস্তিষ্কের একটি বিশেষ প্রক্রিয়া কাজ করে।
প্রিয় মানুষের কাছে থাকলে মস্তিষ্কে কী ঘটে?
গবেষণাটি চালানো হয় প্রেইরি ভোল নামের একধরনের ছোট ইঁদুরের ওপর। এরা সঙ্গীর সঙ্গে জুটি বাঁধে, একসঙ্গে থাকে এবং সন্তান লালন-পালন করে। সঙ্গী হারালে তাদের মধ্যেও শোকের লক্ষণ দেখা যায়।
বিশেষ প্রযুক্তির সাহায্যে গবেষকেরা প্রাণীগুলোর মস্তিষ্কে ডোপামিনের কার্যক্রম দেখেন। তাঁরা দেখতে পান, সঙ্গীর কাছে যাওয়ার চেষ্টা করলে বা তার সঙ্গে ঘনিষ্ঠ হলে মস্তিষ্কে ডোপামিনের সংকেত বেড়ে যায়। আবার সঙ্গীকে দূরে রাখলে সেই সংকেত কমে আসে।
এ থেকে গবেষকেরা ধারণা করেন, প্রিয় সঙ্গীর কাছে থাকার ইচ্ছা মস্তিষ্কে ডোপামিনের কার্যক্রম বাড়ায়। এই প্রক্রিয়া সঙ্গীর সঙ্গে যোগাযোগ রাখা এবং সম্পর্ক টিকিয়ে রাখার আগ্রহ তৈরিতে সাহায্য করে।
বিচ্ছেদের পর কি কমে যায় ভালোবাসার টান?
বিচ্ছেদের প্রভাব বুঝতেও পরীক্ষা করেন গবেষকেরা। এক জোড়া প্রেইরি ভোলকে চার সপ্তাহের বেশি সময় আলাদা রাখা হয়। পরে আবার একসঙ্গে করা হলে দেখা যায়, সঙ্গীর উপস্থিতিতে মস্তিষ্কে আগের মতো ডোপামিনের সংকেত তৈরি হচ্ছে না।
গবেষকদের ধারণা, দীর্ঘ সময় আলাদা থাকলে নির্দিষ্ট সঙ্গীর প্রতি মস্তিষ্কের আগের প্রতিক্রিয়া কমে যেতে পারে। তবে মানুষের প্রেম বা বিচ্ছেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ, গবেষণাটি মানুষের ওপর নয়, প্রাণীর ওপর করা হয়েছে।
গবেষণাটি দেখিয়েছে, ভালোবাসার মানুষের প্রতি টান শুধু আবেগের বিষয় নয়। তাঁর কাছে থাকার ইচ্ছা এবং সম্পর্ক ধরে রাখার আগ্রহের পেছনে মস্তিষ্কের রাসায়নিক কার্যক্রমও ভূমিকা রাখে।

ফিচার ডেস্ক