মাত্র ৫ মিনিটে প্রেসার কুকারে তৈরি করুন সুস্বাদু মাছের ঝোল
মাছের ঝোল মানেই দীর্ঘ সময় রান্নাঘরে কাটাতে হবে—এমন ধারণা এবার বদলে ফেলুন। ব্যস্ততার জীবনে অল্প সময়ে সুস্বাদু মাছের ঝোল রান্না করতে পারেন প্রেসার কুকারেই। মাত্র ৫ মিনিটে তৈরি এই ঝটপট রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজাদার হবে।
প্রস্তুত প্রণালি
প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। প্রেসার কুকারে ১ থেকে ২ টেবিল চামচ সরিষার তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন।
একই কুকারে প্রয়োজনমতো সামান্য তেল দিয়ে কালোজিরা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর কাঁচালঙ্কা, হলুদ, লঙ্কাগুঁড়ো ও সামান্য জিরাগুঁড়ো দিয়ে অল্প পানি ছিটিয়ে মশলা কষিয়ে নিন।
মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো কুচি দিয়ে আরও এক মিনিট নেড়ে নিন। এবার প্রয়োজনমতো গরম পানি, স্বাদ অনুযায়ী লবণ এবং ভেজে রাখা মাছ দিয়ে দিন।
এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে একটি সিটি দিন। সিটি হয়ে গেলে চুলা বন্ধ করে প্রেসার স্বাভাবিকভাবে বের হতে দিন।
সবশেষে, ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা ও কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। ব্যস, অল্প সময়েই তৈরি ঝটপট মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই রেসিপিটি।

ফিচার ডেস্ক