সম্পর্ক শেষ, তবুও প্রাক্তনকে ভুলতে পারছেন না কেন?
সম্পর্ক শেষ হয়েছে অনেক দিন। জীবনও থেমে নেই। নিজের কাজে, নিজের ব্যস্ততায় দিব্যি এগিয়ে চলেছেন। এমনকি আপনি জানেন, মানুষটি হয়তো আপনার জন্য সঠিক ছিলেন না। কেন সম্পর্কটি টেকেনি, কেন দূরে সরে আসতে হয়েছিল—সেই কারণগুলোও অজানা নয়। তবু হঠাৎ কোনো গান, পুরোনো কোনো জায়গা কিংবা গভীর রাতের নিঃসঙ্গতায় মনে পড়ে যায় সেই মানুষটির কথা।
তখনই প্রশ্ন জাগে—যে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই মানুষটিকেই আবার কেন মনে পড়ে? এর পেছনে সবসময় যে ভালোবাসা কাজ করে, তা নয়। অনেক সময় স্মৃতি, অপূর্ণতা কিংবা মনের তৈরি কিছু কল্পনাও প্রাক্তনকে মনে করিয়ে দিতে পারে। কিন্তু কেন এমন হয়? চলুন জেনে নেওয়া যাক।
মানুষটিকে নয়, মিস করছেন সেই সময়টাকে
হয়তো আপনি মানুষটিকে নয়, তার সঙ্গে কাটানো সময়ের অনুভূতিটাকেই মিস করছেন। বিশেষজ্ঞের মতে, হয়তো মানুষটিকে আপনি সত্যিই মিস করছেন না। মিস করছেন তাঁর সঙ্গে থাকার সময় নিজেকে যে ভাবে অনুভব করতেন, সেই অনুভূতিটাকে। হয়তো তখন বেশি হাসতেন। অর্থাৎ নিজেকে ভালো লাগত। তাই সেই ভালো লাগার স্মৃতির সঙ্গে মানুষটিও অনেকটাই জড়িয়ে রয়েছে।
সম্পর্ক পরিপূর্ণভাবে শেষ হয়নি
সব সম্পর্কের শেষ, সুন্দর ভাবে হয় না। কোনো সম্পর্ক শেষ হয়, জমানো কথা না বলেই। আর বিচ্ছেদের পরে সেই কথাগুলোই বার বার মনে পড়তে থাকে, মনে হতে থাকে সেই দিন এই কথাগুলো হয়তো বলা উচিত ছিল। অন্যভাবে কথা বললে কি ভালো হতো? সেই দিন সিদ্ধান্তটা বদলালে কী হতো? এই উত্তর না পাওয়া প্রশ্নগুলোই অনেক সময় মানুষটিকে বার বার মনে করিয়ে দেয়।
সময়ের সঙ্গে খারাপ স্মৃতিগুলো ঝাপসা হয়ে যায়
সময় পেরিয়ে গেলে কষ্টের স্মৃতিগুলো অনেকটাই ফিকে হয়ে আসে। তখন সম্পর্কের ঝগড়া, অভিমান কিংবা মন খারাপের দিনগুলোর বদলে মনে পড়ে রাত জেগে কথা বলা, একসঙ্গে হাসা কিংবা ছোট ছোট আনন্দের মুহূর্ত। ফলে অতীতকে বর্তমানের চেয়ে অনেক সুন্দর মনে হতে পারে। বিশেষজ্ঞের মতে, ভালো সময়গুলো মনে পড়ছে বলে সম্পর্কটা যে আপনার জন্য ভালো ছিল, এমন নয়। আপনি শুধু স্মৃতির সুন্দর অংশটুকু মনে করছেন।
মানুষটিকে নয়, তার ‘হতে পারা’ রূপটাকে মিস করছেন
হয়তো আপনি যে মানুষটির কথা ভাবছেন, তিনি বাস্তবে যেমন ছিলেন, ঠিক তেমন মানুষটিকে মিস করছেন না। বরং ভাবছেন, তিনি যদি একটু বদলাতেন, আরও বুঝতেন বা সম্পর্কটাকে একটু গুরুত্ব দিতেন, তাহলে সবকিছু কত সুন্দর হতে পারত।
অর্থাৎ আপনি হয়তো বাস্তব মানুষটির চেয়ে তার একটি কল্পিত রূপকে বেশি মনে করছেন। সেই ‘যদি এমন হতো’ ভাবনাই অতীতের সম্পর্ককে বারবার মনে ফিরিয়ে আনতে পারে।

বিনোদন ডেস্ক