কাঁঠালের বিচি ফেলে দিচ্ছেন? জেনে নিন কীভাবে খাবেন
গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল কাঁঠাল। বাজারজুড়ে এখন মিলছে এই রসালো ফলের সমারোহ। অনেকেই মজা করে কাঁঠাল খেলেও এর বিচিগুলো বেশিরভাগ সময়ই ফেলে দেন। অথচ পুষ্টিবিদরা বলছেন, কাঁঠালের এই বিচির মধ্যেই লুকিয়ে আছে দারুণ সব পুষ্টিগুণ।
কাঁঠালের বিচি শুধু স্বাদেই নয়, পুষ্টিমানেও বেশ সমৃদ্ধ। এতে রয়েছে রিবোফ্ল্যাবিন ও থায়ামাইন। আরো রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট ও আঁশ। এ ছাড়া রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াস, জিংক, ম্যাঙ্গানিজ, আয়রন ও কপারের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এসব উপাদান চোখের দৃষ্টি, ত্বক ও চুল ভালো রাখতে কাজ করে।
শুধু পুষ্টিগুণ নয়, নানা উপায়ে কাঁঠালের বিচি খাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক কাঁঠালের বিচি যেভাবে খাবেন।
– সাধারণত কাঁঠালের বিচি শুকিয়ে ভর্তা করে এবং ভাজি করেও খাওয়া যায়।
– নিরামিষ সবজিতে কাঁঠালের বিচি যোগ করতে পারেন, মসলা দিয়ে ভুনা করলেও মুখরোচক হয়।
– কাঁঠালের বিচি বেটে সুস্বাদু হালুয়া বানানো যায়।
–কাঁঠালের বিচি শুকিয়ে গুঁড়া করে রুটি, বিস্কুট বা পিঠায় ব্যবহার করা যায়।
–কাঁঠালের বিচির গুঁড়া স্মুদিতে ব্যবহার করতে পারেন।
–কাঁঠালের বিচি ভেজে খেতেও বেশ লাগে।
কাঁচা কাঁঠালের বিচি খাবেন না
কাঁঠালের কাঁচা বিচিতে থাকে ট্যানিন ও ট্রিপসিন ইনহিবিটর, যা শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা করে। তবে কাঁঠালের বিচি সেদ্ধ করে বা ভেজে খেলে এসব ক্ষতিকর উপাদান নষ্ট হয়ে যায়।
সূত্র: বোল্ডস্কাই, হেলথলাইন

ফিচার ডেস্ক