ঘরে বসেই সোফা পরিষ্কার করার সহজ ৩ কৌশল
ঘরের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন সোফার ওপর। তাই ঘরকে সুন্দর দেখাতে সোফা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। অথচ সবচেয়ে বেশি ব্যবহৃত এই আসবাবটিই সবচেয়ে দ্রুত নোংরা হয়ে যায়। ধুলোবালি, খাবারের দাগ কিংবা অজান্তেই জমে থাকা ময়লা—সব মিলিয়ে কিছুদিন পর সোফার চেহারাই বদলে যায়। অনেকেই তখন ভরসা করে থাকেন দামী ড্রাই ক্লিনিংয়ের ওপর। কিন্তু আপনি চাইলে খুব সহজ কিছু উপায়ে ঘরেই সোফাকে নতুনের মতো করে তোলা সম্ভব।
সোফা পরিষ্কারের শুরুতেই সবচেয়ে জরুরি ধাপ হলো জমে থাকা ধুলো সরানো। কাপড়ের সোফার ভাঁজে ভাঁজে জমে থাকা ধুলো সহজে চোখে পড়ে না, কিন্তু সেটিই পরে বড় সমস্যার কারণ হয়। এজন্য ভ্যাকুয়াম ক্লিনার থাকলে সেটি দিয়ে সোফার প্রতিটি কোণ ভালোভাবে পরিষ্কার করুন। আর যদি তা না থাকে, তবে শুকনো নরম ব্রাশ বা কাপড় দিয়েও ধুলো ঝেড়ে নেওয়া যেতে পারে। ধুলোবালি পুরোপুরি দূর করা গেলেই পরবর্তী ধাপগুলো সহজ হবে।
সোফায় লেগে থাকা দাগ দূর করতে খুব জটিল কিছু লাগবে না। হালকা কুসুম গরম পানিতে অল্প পরিমাণ লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন। এরপর একটি পরিষ্কার কাপড় সেই পানিতে ভিজিয়ে ভালো করে চিপে দাগের জায়গায় আলতোভাবে ঘষুন। মনে রাখবেন, বেশি পানি ব্যবহার করলে সোফার ভেতরের ফোম নষ্ট হতে পারে। দাগ উঠে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন।
অনেক সময় দীর্ঘদিন ব্যবহারের ফলে সোফা থেকে এক ধরনের ভ্যাপসা গন্ধ বের হয়। এই সমস্যা দূর করতে বেকিং সোডা বেশ কার্যকর। সোফার ওপর হালকা করে ছড়িয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর ভ্যাকুয়াম ক্লিনার বা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। এতে শুধু গন্ধই দূর হবে না, সোফা আরও সতেজ ও পরিচ্ছন্ন দেখাবে।
সোফা পরিষ্কারের পর তা পুরোপুরি না শুকানো পর্যন্ত বসবেন না। সপ্তাহে অন্তত একদিন শুকনো কাপড় দিয়ে ধুলো পরিষ্কার করলে সোফা দীর্ঘদিন নতুনের মতো থাকে।

ফিচার ডেস্ক