ত্বকের নানা সমস্যায় হলুদের পাঁচ ব্যবহার
বহুকাল থেকেই সৌন্দর্য ও স্বাস্থ্য সুরক্ষায় প্রাকৃতিক উপাদান হিসেবে হলুদের ব্যবহার হয়ে আসছে। এই ভেষজটির মধ্যে রয়েছে শক্তিশালী প্রদাহরোধী উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে অত্যন্ত উপকারী। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইন ও ইউআর গর্জিয়াস এর তথ্য অনুযায়ী নিচে দেওয়া হলো:
১.মলিন ত্বক ও চোখের নিচের কালো দাগ দূর করতে
উপকরণ : টক দই (২ টেবিল চামচ), হলুদ গুঁড়া (১ চা চামচ), ময়দা (১ চা চামচ) এবং মধু (১ চা চামচ)।
ব্যবহারের নিয়ম : সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মিশ্রণটি সম্পূর্ণ মুখে ভালোভাবে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন, এরপর ধুয়ে ফেলুন। এটি ত্বকের মলিনতা দূর করতে এবং চোখের নিচের কালো ভাব কমাতে সাহায্য করে।
দাঁতের হলদেটে ভাব দূর করতে
ব্যবহারের নিয়ম: ব্রাশের ওপর আপনার নিয়মিত পেস্ট নিন এবং এর ওপর কয়েক চিমটি হলুদ গুঁড়া ছিটিয়ে নিন। এবার সাধারণ নিয়মে দাঁত ব্রাশ করুন। এটি দাঁতের হলদেটে ভাব কমাতে বেশ কার্যকর।
ডার্ক প্যাচ বা কালচে দাগ দূর করতে
উপকরণ : দুধ (১ কাপ), হলুদ গুঁড়া (১ চা চামচ) এবং লবণ (১ চা চামচ)।
ব্যবহারের নিয়ম : একটি পাত্রে দুধ, হলুদ গুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখের ডার্ক প্যাচ বা কালচে দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট রাখুন এবং তারপর মুখ ধুয়ে ফেলুন।
ফাটা ঠোঁটের যত্নে
উপকরণ : চিনি (১ চা চামচ), হলুদ গুঁড়া (১ চা চামচ) এবং মধু (১ চা চামচ)।
ব্যবহারের নিয়ম : সব উপাদান একসঙ্গে মিশিয়ে ঠোঁটে আলতোভাবে স্ক্রাবের মতো মাখুন। ৫ মিনিট রাখার পর মুছে ফেলুন। এটি ঠোঁটের মৃত কোষ দূর করে নরম ও মসৃণ করতে সাহায্য করবে।
তৈলাক্ত ত্বকের নিয়ন্ত্রণে
উপকরণ : চন্দনের গুঁড়া (২ টেবিল চামচ), লেবুর রস (২ টেবিল চামচ) এবং সামান্য হলুদ গুঁড়া।
ব্যবহারের নিয়ম : উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব দূর করতে সাহায্য করবে।

ফিচার ডেস্ক