ডাল খেলে ইউরিক অ্যাসিড বাড়ে? কী বলছেন চিকিৎসকরা
ডাল আমাদের প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি অনেক উপকারী। তবে কেউ কেউ ডাল খাওয়ার কিছু সমস্যার কথাও বলে থাকেন। ডাল নিয়ে প্রচলিত এই ধারণাগুলো আসলে কতটা সঠিক, সে বিষয়ে কী বলছেন চিকিৎসকরা?
ডায়াবেটিসে আক্রান্তরা কি ডাল খেতে পারেন?
ডালের গ্লাইসেমিক ইনডেক্স খুব একটা বেশি নয়। বিশেষ করে মসুরের ডালের তো গ্লাইসেমিক ইনডেক্স বেশ কম। রক্তের শর্করার মাত্রা বাড়ার বড় কারণ এই গ্লাইসেমিক ইনডেক্স। এটি কম থাকা মানে, সেই খাবারটি ডায়াবেটিসের সমস্যা বাড়ায় না। তাই ডায়াবেটিসে আক্রান্তরা সহজেই ডাল খেতে পারেন।
অন্তঃসত্ত্বারা মসুর ডাল খেতে পারেন?
এতে প্রচুর আয়রন থাকে। ফলে অন্তঃসত্ত্বা মসুর ডাল খেলে উপকার পাবেন। তাছাড়া মসুর ডালের কিছু উপাদান গর্ভে সন্তানের স্নায়ুর বিকাশে সাহায্য করে।
কিডনির সমস্যা থাকলে ডাল খাওয়া যায় কি?
সব ধরনের ডালেই প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ফলে এগুলো কিডনির ক্ষতি তো করেই না, উল্টো কিডনির প্রচুর উপকার করে। ফলে যাদের কিডনির সমস্যা আছে, তারা ডাল খেতেই পারেন।
ডাল কি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়?
ডাল সম্পর্কে অনেকেরই এই প্রশ্নটি থাকে। কিন্তু চিকিৎসকের কথায়, এটি একেবারেই সঠিক ধারণা নয়। ডাল খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা মোটেই বাড়ে না। ডালে উদ্ভিজ্জ প্রোটিনের মাত্রা বেশ বেশি। সহজে হজম হয় ডাল। ফলে ডাল খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে না।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ফিচার ডেস্ক