বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মানুষকে উৎসাহিত করাই দিবসটির মূল লক্ষ্য।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। পরে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করা হয়েছিল। ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে দিবসটি পালন করা হয়।
বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সুষম খাবার গ্রহণ এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখলে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। তাই রোগটি থেকে সুরক্ষিত থাকতে এখন থেকেই জীবনযাপনে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ফিচার ডেস্ক