মানিকগঞ্জে হামের প্রকোপ : ৩ দিনে ১৪ শিশু হাসপাতালে ভর্তি
মানিকগঞ্জে শিশুদের মধ্যে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে। গত তিন দিনের ব্যবধানে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ১৪ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও কেবিনগুলোতে চিকিৎসাধীন এসব শিশুর শরীরে তীব্র জ্বর, শ্বাসকষ্ট ও লাল ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিয়েছে, যা স্থানীয় অভিভাবকদের মধ্যে নীরব আতঙ্ক সৃষ্টি করেছে।
চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না নেওয়াই এই পরিস্থিতির প্রধান কারণ। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মেরিনা সুলতানা জানান, হাম কোনো সাধারণ অসুখ নয় এবং এটি প্রাণঘাতী হতে পারে। এবারের প্রাদুর্ভাবের পেছনে টিকাদানে অনিয়মকে বড় কারণ হিসেবে দেখছেন তিনি।
অনেক অভিভাবক জানিয়েছেন, সামান্য জ্বর বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে তাদের সন্তানরা ৯ মাস ও ১৫ মাস বয়সের প্রয়োজনীয় এমআর (এমআর) টিকা সময়মতো পায়নি। যা এখন বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।
শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ুন কবির জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। এর প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে উচ্চমাত্রার জ্বর, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়া। পরবর্তীতে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। সঠিক সময়ে চিকিৎসা না নিলে এটি নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।
বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা ৯ মাস ও ১৫ মাস বয়সে এমআর টিকার দুটি ডোজ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখা। লক্ষণ দেখা দেওয়া মাত্রই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ