রোদে পোড়া ত্বক কখন সমস্যা করে
রোদে পোড়া ত্বক নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৬৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. শারমিন সুলতানা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন রোগ বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
প্রশ্ন : রোদে পুড়ে যাওয়া বিষয়টি কী? এটি কখন সমস্যা সৃষ্টি করে?
উত্তর : আসলে রোদে পোড়া তেমন কোনো সমস্যা নয়। যখন আমি দীর্ঘ সময় বাইরে থাকব, রোদে পুড়ব এবং বার বার হতে থাকবে, প্রতিদিনই আমি রোদে বেশি যেতে থাকব, প্রতিদিনই পুড়তে থাকব, তখন এটা সমস্যা তৈরি করে। কিন্তু হঠাৎ একদিন আমি বাইরে গেলাম, কোনো কারণে, রোদে পুড়লাম, সেই ক্ষেত্রে বাসায় যত দ্রুত সম্ভব, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেললাম বা বরফ যদি থাকে, বরফ পানি দিয়ে মুখের যে জ্বালাপোড়া ভাব, লাল ভাব সেটা দ্রুত কমিয়ে ফেললাম। এসব ক্ষেত্রে এটা একেবারেই সমস্যা নয়। কিন্তু দীর্ঘদিন যখন পুড়তে থাকে বা অতিরিক্ত যদি পুড়তে থাকে, অতিরিক্ত তাপমাত্রায়, অনেক সময় এতটাই পুড়ে যায় যে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ধীরে ধীরে কয়েকদিন পরে লাল ভাব কমে আসার পর ছোপ ছোপ কালো দাগ দেখা যায়। সেটা সমস্যা।
প্রশ্ন : একজন মানুষ কীভাবে বুঝবে তার রোদে পোড়ার সমস্যা হয়েছে?
উত্তর : তার লালচে ভাবটার পাশাপাশি ব্যথা হবে, জ্বালাপোড়া থাকবে। খুব বেশি মাত্রায় হলে অবশ্যই এটা একটা সমস্যা। সেই ক্ষেত্রে যেটা করতে হবে সে যখন বাইরে যাবে, তাকে অতিরিক্ত রোদে যদি কাজ করতে হয়, সেই ক্ষেত্রে তাকে ছাতা ব্যবহার করতে হবে। এরপর কাপড়চোপড় এমন ভাবে পরবে, যেন হাত ঢেকে থাকে।
প্রশ্ন : ফটো সেনসিটিভিটি বা রোদের প্রতি স্পর্শকাতরতা যাদের আছে, তারা কীভাবে বুঝবে?
উত্তর : ফটো সেনসিটিভিটি কার আছে কার নেই এটি বোঝা খুব মুশকিল। সাধারণত আমরা দেখি যাদের শ্বেতী রোগ থাকে, পুরো চামড়াটাই সাদা হয়ে গেছে, তাদের ফটো সেনসিটিভিটি থাকে। আর যাদের ত্বকের রং কালো,তাদের দেখা যায় ফটো সেনসিটিভিটি বেশি থাকে। তো সেই ক্ষেত্রে তাদের সেভাবেই ব্যবস্থা নিতে হবে। সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে। বাইরে যাওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলে সূর্যের যে আল্ট্রা ভায়োলেট রে, যেটা আমাদের ত্বকে সরাসরি পড়ছে, আমাদের কোষগুলোকে ধ্বংস করছে— সেটা থেকে প্রতিরোধ করবে। আল্ট্রাভায়োলেট রে-কে শোষণ করে ফেলবে।

ফিচার ডেস্ক