শরীরে ইউরিক এসিড বেড়ে গেলেই কি গাউট হয়?
অনেকে মনে করেন, শরীরে ইউরিক এসিড বেড়ে গেলেই গাউট রোগ হয়। এ ধারণা কি ঠিক, নাকি ঠিক নয়? এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৬৫ তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. শামীম আহম্মেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকের একটি ধারণা আছে, ইউরিক এসিড বেড়ে গেলে হয়তো বা গাউটের চিকিৎসা আছে, ইউরিক এসিড বেড়ে যাওয়া মানে সেটা গাউটের দিকে যাচ্ছে, গাউট হয়ে গেছে, এ রকম একটা ধারণা করা হয়। এ বিষয়ে কিছু বলুন।
উত্তর : এটা আসলে আমাদের মধ্যে একটি ভুল ধারণা। ইউরিক এসিড বেশি মানে যে গাউট হয়েছে, সেটি নয়। যাদের ইউরিক এসিড বেশি থাকে, তাদের দেখা যায়, পাঁচ ভাগ রোগীরও জীবনে গাউট হয় না। স্বাভাবিকভাবে ইউরিক এসিড বেশি থাকতে পারে। যখন এই ইউরিক এসিড জয়েন্টে সমস্যা করবে, রোগীর ব্যথা হবে, তখন আমরা তাকে গাউট আর্থ্রাইটিস বলব। আর যাদের ইউরিক এসিড বেশি, কোনো লক্ষণ নেই, এদের বলব এসিমটেমেটিক হাইপার ইউরেসেমিয়া। এর চিকিৎসার কোনো দরকার নেই। যদি দেখা যায় ইউরিক এসিড বেশি হয়ে ৩০ হয়ে গেছে অথবা ইউরিক এসিড বেড়ে গেছে, তার সঙ্গে কিডনির সমস্যা আছে অথবা ইউরিক এসিড বেশি আছে, এর সঙ্গে তার রেনাল স্টোন আছে, এ ক্ষেত্রে তার চিকিৎসা করার নির্দেশ আছে।

ফিচার ডেস্ক