রোগী ভেন্টিলেশন নিয়ে ভুল ধারণা
অনেক সময় আইসিইউতে রোগীকে লাইফ সাপোর্টে রাখা হয় বা ভেন্টিলেশন দেওয়া হয়। এটি নিয়ে অনেকের মধ্যে কিছু ভুল ধারণা বিরাজ করে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫০৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মহিউদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন ও আইসিইউ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকের ধারণা হলো রোগীকে একবার ভেন্টিলেশনে দিলে সে আর ফিরে আসে না। এর ভিত্তি কী? এটি কতখানি অমূলক?
উত্তর : এটি আসলে পুরোপুরি একটি ভুল ধারণা। আমাদের জানার ঘাটতি থাকার জন্য আসলে এই ধারণাটির জন্ম। কারণ আমরা যদি জানতাম, তাহলে এমন ধারণা থাকত না। আমাদের এই বিষয়টি বেশি দিন ধরে তৈরি হয়নি। আইসিইউর সাপোর্ট নেওয়ার মতো ক্ষমতাও খুব বেশি মানুষের আছে সেটি নয়। সে ক্ষেত্রে এখানে আসলে প্রচারণার একটি বিষয় আছে। মানুষকে জানানোরও একটি বিষয় আছে। কেন ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া লাগবে, এটি দিলে কী হতে পারে এবং অনেক মানুষ যে এটি পাওয়ার কারণে ভালো হয়ে যাচ্ছে, সেই জিনিসটি আসলে জানা না থাকার কারণে এই ভুল ধারণা জন্ম নিচ্ছে। আবার এটা হতেও পারে আমার পরিবারের কেউ যদি আইসিইউতে থাকে, তার পরিণতি যদি স্বাভাবিক পরিণতি না হয়ে মৃত্যু হয়ে থাকে, তখন আমরা সেটাই জেনে থাকি যে আইসিইউতে না যাওয়া হচ্ছে তার ফিরে আসা।
আসলে আমাদের দেশে যে বিষয়টি বেশি হয় তা না। আসলে একটি নৈতিক অবস্থা থেকে রোগীকে ভালো করার জন্য চিকিৎসকরা চেষ্টা করেন। অনেক রোগীই এই অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরতে পারেন।

ফিচার ডেস্ক