মুখে সিস্ট হলে ক্ষতি হয় দাঁতের
অনেক সময় সিস্ট মুখে হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫০০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সাইফুল আজম রনজু। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেম্যাস সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : অনেকের সিস্ট হয়। এটি টিউমারের কাছাকাছি অবস্থা। সেই সম্বন্ধে কিছু বলুন?
উত্তর : অনেক কারণেই সিস্ট হয়ে থাকে। যেমন অনেক সময় হয়তো দাঁতে আঘাত লাগল, হয়তো তখন রোগী কিছুই বুঝতে পেল না। সে জানতে পারল না যে কী হবে? তবে তার সাধারণত দাঁতে আঘাতের ইতিহাস থাকে। সাধারণত উপরের বা নিচের চোয়ালের সামনের দাঁতগুলোতে এগুলো বেশি হয়। আঘাত পাওয়ার পর চোয়ালের ভেতরে আস্তে আস্তে সংক্রমণ হয়। সংক্রমণ হওয়ার পর থেকে সেখানে একটি সিস্ট তৈরি হয়। এটি ধীরে ধীরে বাড়তে থাকে।
প্রশ্ন : সেই সিস্ট বোঝার কি কোনো উপায় রয়েছে?
উত্তর : আসলে প্রথম দিকে কেউ বুঝতে পারে না। তখন তো আঘাত লাগল। হয়তো তাৎক্ষণিক কিছু ওষুধ খেল। পরে যখন আস্তে আস্তে ফুলে যায় তখনই রোগীরা চলে আসে।
প্রশ্ন : এতে কি দাঁতের কোনো ধরনের সমস্যা হয়?
উত্তর : হ্যাঁ, দাঁতের তো হয়ই। আস্তে আস্তে রং চল যায়। চোয়ালের ওপরের দিকে ফুলে ওঠে। যদি অল্প বয়সে হয়, কোনো রোগী যদি প্রায় সাত-আট বছরে আঘাত পায়, সেক্ষেত্রে হয়তো দাঁতটি পুরোটা তৈরি হয় না। তখন একটু বেশি সমস্যা হয়।

ফিচার ডেস্ক