ডেঙ্গু জ্বরের লক্ষণ কী?
এখন সময় ডেঙ্গু জ্বরের। ডেঙ্গু জ্বর থেকে রেহাই পেতে প্রতিকারের কোনো বিকল্প নেই। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৫৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. প্রদীপ রঞ্জন সাহা। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডেঙ্গু জ্বর বলতে আমরা কী বুঝি।
উত্তর : ডেঙ্গু জ্বর হলো একটি জ্বর। জ্বর তো মূলত একটি উপসর্গ। ডেঙ্গু ভাইরাস দিয়ে আক্রান্ত হলে আমরা তাকে ডেঙ্গু জ্বর বলি।
প্রশ্ন : ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমরা কী কী লক্ষণ সাধারণত দেখে থাকি?
উত্তর : ডেঙ্গু জ্বরে অন্যান্য সাধারণ জ্বরের মতোই জ্বর থাকবেই। সাধারণত এটা খুব মাঝারি বা উচ্চ মাত্রার হবে। ১০২ থেকে ১০৩ ডিগ্রি হবে। এর সঙ্গে সঙ্গে যদি দেখি যে চোখের পেছনে ব্যথা, সারা শরীরে ব্যথা, হাড়গোড়ে ব্যথা অথবা গ্রন্থি ফুলে যায়, বিশেষত এই ঋতুতে, আমরা তখন ডেঙ্গু জ্বর হিসেবে ধারণা করতে পারি। আমরা ধরে নিতে পারি এটি হয়তো ডেঙ্গু জ্বর।
প্রশ্ন : ডেঙ্গু জ্বর আলাদা করে বোঝার জন্য কি কোনো লক্ষণ রয়েছে?
উত্তর : এই ধরনের উচ্চ মাত্রার জ্বর, তার সঙ্গে যদি র্যাকটোঅরবিটাল ব্যথা, গেরোতে ব্যথা, তীব্র মাথাব্যথা এগুলোর মধ্যে দুটো বিষয় থাকলে আমরা বলব ডেঙ্গু। এর পাশাপাশি আমরা কিছু পরীক্ষা করব।
প্রশ্ন : ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর করণীয় কী?
উত্তর : এখানে আমরা জ্বর পাব বেশি। ডেঙ্গু ধারণা করলে আমরা কিছু রক্ত পরীক্ষা করতে পাঠাব। জ্বর নিরাময়ের জন্য আমরা প্যারাসিটামল দেব। অথবা যেখানে প্যারাসিটামলে যাওয়া যাচ্ছে না, সেখানে আমরা আইবোপ্রোফেন দিয়ে, খোলা জায়গায় রেখে, ভালো মানের পুষ্টি দিয়ে রাখি। এরপর একটি রক্ত পরীক্ষা করতে পাঠাই। পরে আমরা অপেক্ষা করি রক্তের রিপোর্টটি আসার জন্য।

ফিচার ডেস্ক