পা ভালোভাবে ধুচ্ছেন?
মুখ ও চুলের যত্ন নিয়মিত নিলেও পায়ের যত্ন নেন খুব কম লোক। তবে পায়ের যত্ন সঠিকভাবে না নেওয়ার কারণে পা দেখতে অসুন্দর হয়ে যায়; বিভিন্ন রোগবালাই হয়।
পায়ের যত্নের ক্ষেত্রে প্রথমেই যেই বিষয়টি আসে সেটি হলো পা ধোয়া। কেবল ভালোভাবে পা না ধোয়ার কারণে ফাঙ্গাল ইনফেকশন, হলুদাভ নখ, ঘা ইত্যাদি সমস্যা হতে পারে। তাই পা ভালোভাবে ধোয়ার সঠিক নিয়মগুলো জানা প্রয়োজন। আর এজন্য প্রতিদিন পাঁচ থেকে ১০ মিনিট সময় দেওয়াই যথেষ্ট।
পা ধোয়ার সঠিক নিয়ম জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
১. পা ধোয়ার বেসিন বা টাবে হালকা গরম পানি নিয়ে দুই থেকে তিন মিনিট পা ভিজিয়ে রাখুন। বেসিন বা টাব না থাকলে একটি বড় গামলাতে এই কাজটি করতে পারেন।
২. পায়ের মধ্যে সাবান মাখুন এবং ভালোভাবে ঘষুন। সাবান ব্যবহারের ক্ষেত্রে সাধারণ সাবান বা লিকুইড সাবান ব্যবহার করতে পারেন। তবে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান এড়িয়ে যান। এ সময় কয়েক মিনিট পরিষ্কার ভেজা কাপড় দিয়ে পা ঘষুন। এতে মৃত কোষ দূর হবে। পাশাপাশি পায়ের দুর্গন্ধ কমবে।
৩. ধোয়ার সময় নখের দিকে খেয়াল করুন। নখ ভালোভাবে পরিষ্কার করুন।
৪. এরপর ভালোভাবে নখসহ পা মুছুন।
৫. পা মোছা হলে একটি ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে ম্যাসাজ করুন। তবে আঙ্গুলের মাঝখানে লাগাবেন না। ময়েশ্চারাইজার ব্যবহারে শুষ্কতা কমবে এবং রক্ত সঞ্চালন ভালো হবে।
প্রতি সপ্তাহে একবার পায়ের নখ কাটুন
নখ কাটার উপযুক্ত সময় গোসলের পর। তখন নখ নরম থাকে। এতে ভালোভাবে কাটা যায়। নখ কাটার সময় অবশ্যই পরিষ্কার নেইল কাটার ব্যবহার করুন।

ফিচার ডেস্ক