জন্ডিসে অপচিকিৎসা হলে কী ক্ষতি হয়?
জন্ডিস হলে অনেক সময় ঝাড়ফুঁক বা বিভিন্ন ধরনের অপচিকিৎসা করা হয়। এগুলো কতটা ক্ষতি করে, এ নিয়ে অবশ্যই জেনে রাখা দরকার। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬২৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. হারুন অর রশিদ। বর্তমানে তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমরা অনেক সময় দেখতে পাই জন্ডিসের চিকিৎসায় হাত ধুয়ে হলুদ পানি বের করা, ঝাড়ফুঁক করা, কত রকম বিজ্ঞাপন দেখতে পাই। এ বিষয়ে আপনার মতামত কী?
উত্তর : আসলে হাত ধুলে রক্তের যে ভাইরাস, সেটি তো পরিষ্কার করার কোনো সুযোগই নেই। এটা হলো রক্তের মধ্যে। এসব চিকিৎসা হলো প্রতারণা।
প্রশ্ন : জন্ডিসে আক্রান্ত রোগী অপচিকিৎসার শিকার হলে তার কী ক্ষতি হতে পারে?
উত্তর : সে ক্ষেত্রে আরো বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। শুরুতেই যদি ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে লিভারের ক্ষতি বাড়তে থাকে। একপর্যায়ে গিয়ে দেখা যায়, লিভার ফেলও হতে পারে। এটি রোগী জটিল অবস্থা। সেটা চিকিৎসা করা অনেক জটিল। সেখানে রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। কাজেই একে এড়িয়ে যাওয়ার জন্য আগেভাগে যাতে ব্যবস্থাপনা নেওয়া যায়, সেদিকেই খেয়াল রাখতে হবে।

ফিচার ডেস্ক