হৃৎপিণ্ডের সুরক্ষায় পানি পান করুন
পানি শরীরের জন্য কত উপকারী, এ কথা বলার অপেক্ষা রাখে না। হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে পানি খুব কার্যকর। গবেষকরা বলছেন, এই প্রয়োজনীয় পানীয়টি প্রচুর পরিমাণে পান করলে তা আপনাকে হৃদরোগ থেকে বাঁচাতে সাহায্য করতে পারে।
তৃষ্ণার্ত হলে অনেকে বিভিন্ন ধরনের জুস বা ফলের রস, দুধ, কফি বা অন্যান্য কোমল পানীয় পছন্দ করেন এবং পান করেন। কিন্তু এসব পানীয় কখনোই পানির বিকল্প হতে পারে না। গবেষকরা দেখেছেন, পানি পানের সঙ্গে মারাত্মক হৃদরোগ-সংক্রান্ত হওয়ার একটি সম্পর্ক রয়েছে। আপনি যদি প্রয়োজনীয় মাত্রায় পানি পান না করেন, তাহলে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। গবেষণায় দেখা গেছে, যাঁরা দিনে কমপক্ষে পাঁচ গ্লাস পানি পান করেন, তাঁদের হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি, যাঁরা দৈনিক দুই বা তারও কম গ্লাস পানি পান করেন, তাঁদের তুলনায় অর্ধেক।
আবার যাঁরা পানির বদলে অন্যান্য পানীয় পাঁচ গ্লাস বা তার বেশি পান করেন, তাঁরাও কম পানি পানকারীদের মতোই হৃদরোগে মৃত্যুবরণ করার সমান ঝুঁকিতে থাকেন।
তাই আপনি যখন তৃষ্ণার্ত হবেন, পানি পান করবেন, অন্য কোনো পানীয় নয়।
গবেষণায় প্রমাণিত হয়েছে, হৃদরোগ প্রতিরোধের উপায় হলো স্বাস্থ্যকর খাবারের সঙ্গে দিনে কমপক্ষে পাঁচ গ্লাস পানি পান করা, ব্যায়াম করা এবং ধূমপান না করা।
দীর্ঘস্থায়ী স্বল্প পানিশূন্যতার সঙ্গে মাইট্রাল ভালভ প্রলাপস এবং হৃদরোগবহির্ভূত সমস্যা, যেমন—মূত্রথলি ও অন্যান্য ক্যানসারের সম্পর্ক রয়েছে। দিবানিদ্রা ও কোষ্ঠকাঠিন্যের একটি প্রধান কারণ পানিশূন্যতা। বৃদ্ধ লোকেরা খুব সহজেই পানিশূন্য হয়ে পড়েন। কারণ, বয়সের সঙ্গে তাঁদের তৃষ্ণার্ত হওয়ার প্রক্রিয়াও বেড়ে যায়।
সত্যিকার অর্থে ৬৫ বছরের বেশি বয়সী লোকদের ঘন ঘন হাসপাতালে ভর্তি হওয়ার একটি প্রধান কারণ হলো পানিশূন্যতা।
সুতরাং হৃদরোগ থেকে রক্ষা পেতে পানি পান করতে চান বা না চান, শরীরটাকে পানিপূর্ণ রাখুন, তাতে লাভবান হবেন আপনিই।
লেখক : সহকারী অধ্যাপক, অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

ডা. মিজানুর রহমান কল্লোল