বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন রাহাত সাইফুল। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তারা।
সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। তারা পেয়েছেন যথাক্রমে ২৬১ ও ২২৯ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।
এ ছাড়া অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট নির্বাচিত হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুল হক রাসেল এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল ।
সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে ইশরাত জাহান স্বর্ণা নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু ২২৬ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ৯টি পদেও নির্বাচিত হয়েছেন ৯ জন। এ পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।
শুক্রবার বাচসাস নির্বাচনে ভোট দেন ৫২৫ জন ভোটার। দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হলেও জুমার নামাজের জন্য কিছু সময় বিরতি দেওয়া হয়। পরে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল এবং কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর- এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্বে ছিলেন এরফানুল হক নাহিদ।

বিনোদন ডেস্ক