পুত্রসন্তানের মা হলেন সামান্থা
প্রথমবারের মতো মা হয়েছেন দক্ষিণী ও ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার সংসারে এসেছে নতুন অতিথি। গত ১৯ নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের প্রথম ছবি প্রকাশ করে সুখবরটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।
প্রকাশিত ছবিতে দেখা যায়, সামান্থা ও রাজ স্নেহভরে তাদের ছেলের ছোট্ট আঙুল ধরে আছেন। ছবির ক্যাপশনে ছেলের নাম ও জন্মতারিখও জানিয়েছেন অভিনেত্রী। তাঁদের পুত্রসন্তানের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। নতুন অতিথির আগমনে তাদের জীবন আনন্দে ভরে উঠেছে।
এই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন দম্পতি। অভিনেতা বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও বরলক্ষ্মী শরৎকুমারসহ চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। নবজাতকের জন্যও জানিয়েছেন ভালোবাসা ও শুভকামনা।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন সামান্থা ও রাজ। তবে প্রথম সন্তানের আগমন তাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
এর আগে, সন্তানের জন্মের কয়েক দিন আগে বাড়িতে পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আয়োজনের কিছু ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে লাল পোশাকে সামান্থা এবং ক্রিম রঙের কুর্তায় রাজকে দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বড়দের আশীর্বাদ নিতেও দেখা গেছে তাকে।
প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। গোয়ায় তাদের বিয়ের আয়োজন হয়েছিল। তবে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২১ সালের অক্টোবরে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিচ্ছেদের পর নিজের অভিনয় ও স্বাস্থ্যের দিকেই মনোযোগী ছিলেন অভিনেত্রী।
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে কাজের সূত্রে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাদের সম্পর্ক প্রেমে গড়ায়। ব্যক্তিগত জীবন আড়ালে রেখেই নতুন করে পথচলা শুরু করেন তারা। এবার তাদের পরিবারে যুক্ত হলো নতুন সদস্য দেব নিদিমোরু।

বিনোদন ডেস্ক