ঢাকায় টম ক্রুজের ‘ডিগার’, সঙ্গে ‘রেসিডেন্ট ইভিল’
হলিউডের দুই আলোচিত সিনেমা মুক্তি পাচ্ছে একই দিনে। একদিকে নতুন লুকে টম ক্রুজের ‘ডিগার’, অন্যদিকে ভৌতিক উত্তেজনা নিয়ে ফিরছে ‘রেসিডেন্ট ইভিল’। আগামী ২ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমা দুটি। ফলে একই দিনে দর্শকদের সামনে থাকছে দুই ধরনের গল্প ও ভিন্ন স্বাদের বিনোদন।
অ্যাকশন তারকা টম ক্রুজকে এবার দেখা যাবে একেবারেই অন্য রূপে। ধূসর-সাদা চুল, ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ আর বদলে যাওয়া শরীরী ভাষায় ‘ডিগার’ সিনেমায় হাজির হয়েছেন তিনি। দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত সিনেমাটিতে ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামের এক ক্ষমতাধর ধনকুবেরের চরিত্রে।
গল্পে, তাঁর প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের হিমবাহ সরে গিয়ে তৈরি হয় বৈশ্বিক পরিবেশ সংকট। কিন্তু নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ডিগার শুরুতে বিপদের গুরুত্ব বুঝতে চান না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পৃথিবীকে বাঁচানোর চেয়ে নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করতেই বেশি মরিয়া হয়ে ওঠেন তিনি। জলবায়ু সংকট, করপোরেট লোভ ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নিয়ে ব্যঙ্গাত্মক গল্পে টম ক্রুজের অভিনয়ের নতুন ধরনই সিনেমাটির অন্যতম আকর্ষণ।
অন্যদিকে একই দিনে মুক্তি পাচ্ছে জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নতুন ‘রেসিডেন্ট ইভিল’। জ্যাক ক্রেগার পরিচালিত সিনেমাটি আগের চলচ্চিত্রগুলোর সরাসরি সিক্যুয়েল নয়, বরং নতুন করে শুরু হওয়া গল্প।
এতে অস্টিন আব্রামস অভিনয় করেছেন ব্রায়ান নামের এক মেডিকেল কুরিয়ারের চরিত্রে। সাধারণ একটি ডেলিভারি দিতে গিয়ে প্রাণঘাতী সংক্রমণ ও ভয়ংকর প্রাণীর মুখোমুখি হয় সে। কোনো প্রশিক্ষিত যোদ্ধা নয়, বুদ্ধি আর বেঁচে থাকার তাগিদই তার একমাত্র ভরসা।
গল্পটি রাকুন সিটির বিপর্যয়ের সময়কার প্রেক্ষাপটে তৈরি। গেমের দ্বিতীয় পর্বের আবহ থেকে অনুপ্রাণিত হলেও এটি সেই গল্পের সরাসরি পুনর্নির্মাণ নয়। বরং একই বিপর্যয়ের মধ্যে আটকে পড়া এক সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই তুলে ধরেছে সিনেমাটি। ফলে একই দিনে দর্শকেরা একদিকে টম ক্রুজের নতুন অভিনয়, অন্যদিকে হরর ও সারভাইভালের অভিজ্ঞতা নিতে পারবেন।

বিনোদন ডেস্ক