দেশের প্রেক্ষাগৃহে তুর্কি ভৌতিক সিনেমা ‘সয়’
আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। এদিন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে তুরস্কের ভৌতিক সিনেমা ‘সয়’। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য ও অশুভ শক্তির গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের সামনে তুলে ধরবে এক রহস্যময় ভৌতিক জগৎ। একই দিনে সারা দেশের ৩৮টি হলে মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’।
ম্যাক্সিম আলেকজান্দ্রে পরিচালিত ‘সয়’ সিনেমার গল্পের শুরু প্রায় ৬০ বছর আগে। মিসরের একটি প্রাচীন সমাধি লুট করে একটি চিত্রকর্ম পায় মুরাত। সেই চিত্রকর্মের অভিশাপে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে হয় তাকে।
বহু বছর পর মৃত্যুশয্যায় নাতি ক্যানকে নিজের কাছে ডেকে পাঠায় মুরাত। প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে দাদার সেই রহস্যময় প্রাসাদে যায় ক্যান। সেখানে পৌঁছানোর পরই শুরু হয় ভয়ংকর সব ঘটনা। ঘন কুয়াশায় প্রাসাদটি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে বিপদের মুখে পড়ে তারা।
সিনেমাটিতে ক্যান চরিত্রে অভিনয় করেছেন বাহরুশ আর্দুক। আরও রয়েছেন ফারাহ জয়নাপ আবদুল্লাহ ও তুবা বিউকুস্তান।
অন্যদিকে, সারা দেশের ৩৮টি হলে মুক্তি পাচ্ছে ‘আনন্দ অশ্রু’। কোরবানির ঈদের পর এটিই হতে যাচ্ছে সবচেয়ে বেশি হলে মুক্তি পাওয়া সিনেমা।
সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে ফরহাদ ও শিরিন চরিত্রে দেখা যাবে তাঁদের। একই গ্রামের বাসিন্দা দুজনের প্রেম থেকে একসময় বিয়ে হয়। বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চায় শিরিন। পরিবারের আপত্তি থাকলেও স্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তাকে ঢাকায় পাঠায় ফরহাদ। কিন্তু শহরের চাকচিক্য ও নতুন জীবনের মোহে বদলে যেতে থাকে শিরিন। ধীরে ধীরে ফরহাদের সঙ্গে তৈরি হয় দূরত্ব। একপর্যায়ে স্ত্রীকে সেই মোহ থেকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে ফরহাদ।
২০১৮ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। কাজ শেষ হয় ২০২০ সালে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে দেখা যাবে জয় চৌধুরীকে।

বিনোদন ডেস্ক