সত্তরের দশকের জনপ্রিয় নায়িকা মিঠু মুখোপাধ্যায় আর নেই
সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নায়িকা মিঠু মুখোপাধ্যায় আর নেই। ভারতীয় গণমাধ্যম 'দ্য টেলিগ্রাফ' এই খবর নিশ্চিত করেছে। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই গুণী অভিনেত্রী।
১৯৭১-৭২ সালের দিকে ‘শেষ পর্ব’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখলেও দীনেন গুপ্তের পরিচালনায় ‘মর্জিনা আবদুল্লা’ ছবির মাধ্যমেই মূলত দর্শকের নজর কাড়েন তিনি।
এরপর ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’ কিংবা মহানায়ক উত্তমকুমারের সঙ্গে ‘হোটেল স্নো ফক্স’ ও ‘চাঁদের কাছাকাছি’র মতো ব্যবসাসফল ও জনপ্রিয় ছবিতে নিজের অভিনয় ও রূপের জাদুতে আলাদা পরিচিতি তৈরি করেন। বিশেষ করে অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে তাঁর জুটি সেই সময়ে দর্শকদের মাঝে দারুণ সমাদৃত হয়েছিল। বাংলা সিনেমার পাশাপাশি তিনি বলিউডেও নিজের পায়ের নিচে মাটি শক্ত করেন, অভিনয় করেন ‘খান দোস্ত’ ও ‘সফেদ ঝুট’ এর মতো হিন্দি চলচ্চিত্রেও।
একটা সময়ে মুম্বইয়ের পাঠ চুকিয়ে বাংলায় ফিরে আসলেও নতুন প্রজন্মের নায়িকাদের ভিড়ে তাঁর আগের সেই ব্যস্ততা আর বজায় থাকেনি। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশ্রিতা’ ছবির মাধ্যমে তাঁকে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায়। এরপর থেকেই প্রচারের আলো ও রূপোলি জগৎ থেকে চিরতরে নিজেকে গুটিয়ে নেন তিনি। তাঁর এই প্রয়াণে সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রের আরও একটি সোনালী অধ্যায়ের চিরতরে সমাপ্তি ঘটল।

বিনোদন ডেস্ক