পারশা মাহজাবীন পূর্ণী লিখলেন, বরের পরিচয় জানতে চেয়ে বিব্রত করবেন না
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বিয়ের সাজে একটি ছবি প্রকাশ করেছেন এই তারকা। তবে ছবিতে বর পাশে থাকলেও তাঁর মুখ পুরোপুরি ঢেকে রাখা হয়েছে। ছবিটির চেয়েও বেশি আলোড়ন তুলেছে এর ক্যাপশনটি। পূর্ণী অত্যন্ত হাস্যরসাত্মক ভঙ্গিতে লিখেছেন ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটা মানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’
ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করা হলেও পূর্ণীর এই চটুল ও মজার ক্যাপশন ভক্তরা দারুণভাবে উপভোগ করেছেন। কমেন্ট বক্সজুড়ে চলছে হাসি-ঠাট্টা আর অভিনব সব কৌতুকপূর্ণ মন্তব্য।
গান দিয়েই শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন পারশা মাহজাবীন পূর্ণী। মিষ্টি কণ্ঠের জাদুতে শ্রোতাদের মন জয় করার পর তিনি নাম লেখান অভিনয়ে। ছোটপর্দার বৈচিত্র্যময় একক নাটক ও বিভিন্ন নাটকে নিজের সাবলীল অভিনয়ের সুবাদে তরুণ প্রজন্মের মাঝে দ্রুত শক্ত অবস্থান তৈরি করে নেন।
গ্ল্যামার বা কাজের বাইরেও সোশ্যাল মিডিয়ায় নিজের প্রাণবন্ত উপস্থিতি এবং মজাদার সব ক্যাপশনের জন্য ভক্তদের কাছে আলাদা একটা জায়গা জুড়ে আছেন পূর্ণী। তাঁর এমন চটপটে স্বভাবই নেটদুনিয়ায় তাঁর বিশাল অনুসারী তৈরি করেছে, যারা তাঁর প্রতিটি নতুন আপডেট বেশ আগ্রহ নিয়েই উপভোগ করেন।

বিনোদন ডেস্ক