ঘরোয়া আমেজে রাহার জন্মদিন সারলেন আলিয়া-রণবীর; সাজসজ্জায় ছিল কী চমক?
বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের একমাত্র কন্যা রাহার চার বছর পূর্ণ হলো। মেয়ের জন্মদিনের বিশেষ এই দিনটি তারা কোনো এলাহি আয়োজন বা বড় কোনো পার্টিতে সীমাবদ্ধ না রেখে পরিবারের সঙ্গেই একান্ত ও ঘরোয়াভাবে উদ্যাপন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাট যে ছবি প্রকাশ করেছেন, তাতে জন্মদিনের মিষ্টি সাজে রাহা ও তার বাবা-মায়ের সুন্দর মুহূর্তগুলো ফুটে উঠেছে। ছবিতেগুলোতে দেখা যায়, জন্মদিনের সাজে রাহার পরনে ছিল একটি সুন্দর ফুলের নকশা করা জামা এবং কায়দা করে বাঁধা চুল। একাধিক কেক কাটার এই আয়োজনে রাহাকে কোলে নিয়ে একসঙ্গে কেক কাটতে সাহায্য করেন রণবীর ও আলিয়া। কেকগুলোর মধ্যে একটি ছিল শিশুদের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ়ের আদলে তৈরি, আর অন্যটিতে সাদা ক্রিমের ওপর বাবা-মা ও মেয়ের হাত ধরে থাকার একটি প্রতীকী ছবি আঁকা ছিল, যার উপরে ছিল একটি লাল হৃদয়ের চিহ্ন। এছাড়া, কাঠের টেবিলের সামনে বসে ছোট্ট রাহার ছবি আঁকার একটি মুহূর্ত এবং মেয়ের গালে আলিয়ার স্নেহের চুম্বনের দৃশ্যও ভক্তদের মন কেড়েছে।
তবে বরাবরের মতোই এবারও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি রণবীর ও আলিয়া। গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তার কারণে তারা এখনও রাহার মুখ আড়ালেই রাখতে পছন্দ করেন।
বলিউডের অন্যতম আলোচিত ও সফল জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বইয়ে নিজেদের বাসভবন ‘বাস্তু’তে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের ওই বছরই অর্থাৎ ২০২২ সালের ৬ নভেম্বর জন্ম হয় তাদের প্রথম সন্তান রাহার।
তারকাদম্পতি হিসেবে কর্মজীবনে যেমন তারা আকাশছোঁয়া জনপ্রিয়তার শিখরে রয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ সচেতন ও অন্তর্মুখী স্বভাবের। পাপারাজ্জি ও গণমাধ্যমের ক্যামেরা থেকে মেয়ে রাহাকে নিরাপদ দূরত্বে রাখতেই তারা প্রথম থেকেই মেয়ের মুখ প্রকাশ্যে আনা থেকে বিরত থেকেছেন। তবে রাহার জীবনের নানা বিশেষ মুহূর্তের ছোটোখাটো ঝলক প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন এই জুটি, যা তাদের অনুরাগীদের মাঝে সবসময়ই বাড়তি কৌতূহল ও উন্মাদনা তৈরি করে।

বিনোদন ডেস্ক