আশির দশকে ফিরে গেলেন তারকারা, কাকে কেমন লাগছে?
সময় বদলেছে, বদলেছে ফ্যাশন ও জীবনযাপনের ধরনও। তবে পুরোনো দিনের স্মৃতি আর নস্টালজিয়ার প্রতি মানুষের আকর্ষণ যেন কখনোই কমে না। বরং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে সেই নস্টালজিয়াই এখন ফিরে আসছে নতুন রূপে। বর্তমান সময়ের ছবিকে এআইয়ের মাধ্যমে আশির দশকের আবহে রূপান্তর করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নতুন এক ট্রেন্ড। সেই ট্রেন্ডে এবার যোগ দিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা নিজের একটি রেট্রো লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন, ‘ট্রেন্ড’। প্রকাশের পরই ছবিটি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী আশির দশকের আবহের একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন, ‘আশির ট্রেন্ডস’।
একই ট্রেন্ডে দেখা গেছে চিত্রনায়িকা তমা মির্জাকেও। আশির দশকের সাজ ও আবহে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও পিছিয়ে নেই। আশির দশকের আবহে নিজের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
অভিনেতা ইরফান সাজ্জাদও একই ট্রেন্ডে। এআইয়ের ছোঁয়ায় আশির দশকের আবহে ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিন্তু আমার কথা হলো ওই আমলে কি সবার একই জ্যাকেট ছিল? ছেলে মেয়ে সবাইকে দেখি সেম জ্যাকেট পড়াচ্ছে।’
এই রেট্রো ট্রেন্ডে অংশ নিয়েছেন অভিনেত্রী সাফা কবীর ও তাসনিয়া ফারিণও। আশির দশকের লুকে নিজের ছবি প্রকাশ করে সাফা কবীর লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’। আর তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘ভালোই হতো।’
সংগীতশিল্পী পড়শীও এআইয়ের মাধ্যমে নিজেকে চার দশক আগের সময়ের একটি ফ্রেমে কল্পনা করেছেন। নিজের সেই ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’
অন্যদিকে গায়ক ইমরান মাহমুদুল একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি’।
এআইয়ের মাধ্যমে তৈরি আশির দশকের এই রেট্রো লুক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তারকাদের ভিন্নধর্মী এই উপস্থাপনা যেমন নজর কেড়েছে, তেমনি তাদের ছবিতে ফিরে এসেছে পুরোনো দিনের ফ্যাশন ও সিনেমার আবহ। ফলে ভক্তদের মাঝেও তৈরি হয়েছে নস্টালজিয়ার আমেজ।

বিনোদন ডেস্ক