উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, কারখানায় ভাঙচুর-লুটপাট
ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালসহ তিন দফা দাবিতে আজও উত্তপ্ত সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দাবি আদায়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পাশাপাশি বেশ কয়েকটি কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
জানা গেছে, কুমকুমারি এলাকায় এমকে অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তছনছ করেন বহিরাগত শ্রমিকরা। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এদিকে সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসায় দীর্ঘ সময় ঢাকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ ছাড়া চলমান পরিস্থিতিতে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিভিন্ন কারখানায় হাজিরা দিয়েই সড়কে নেমে আসেন শ্রমিকরা। তারা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেন। পরে দুপুরে মধ্যাহ্নের বিরতিতে শ্রমিকরা বাড়ি ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়।
অন্যদিকে সকালে আশুলিয়ার নরসিংহপুরে শারমিন গ্রুপ, হামিম গ্রুপ ও সেতেরা গ্রুপ; জামগড়ায় ফ্যাশন ফোরাম এবং শিমুলতলায় নাভা নিট কম্পোজিট ও এনভয় গ্রুপের শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে কর্মবিরতি শুরু করেন। এমন পরিস্থিতিতে জামগড়ার ইয়াগী বাংলাদেশ এবং গোরাট এলাকার ডেবোনিয়ার ও হলিউড গার্মেন্টসে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।
একপর্যায়ে সব কটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা একযোগে সড়কে নেমে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল হোসেন বলেন, এভাবে চলতে থাকলে তো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে এবং বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবেন। চলমান অস্থিরতার কারণে আমাকে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হবে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। তবে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

জাহিদুর রহমান