শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কারখানা ছেড়ে হাজার হাজার শ্রমিক সড়কে নেমে আসায় সপ্তাহের প্রথম কর্ম দিবসে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ২০০ অধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) কার্যত অবরুদ্ধ ছিল শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া।
মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ এবং ভাঙচুরের মধ্য দিয়ে কেটেছে দিনটি।
সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করায় শত কোটি টাকার আর্থিক লোকসানের মুখে পড়েছেন শিল্প উদ্যোক্তারা—এমনটি বলছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা।
আশুলিয়ার অন্যতম বৃহৎ তৈরির পোশাক কারখানা শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন এমন পরিস্থিতিকে নৈরাজ্যকর ও হতাশাজনক উল্লেখ করে বলেন, প্রতিবেশী একটি কারখানার শ্রমিকরা লাঠিসোটা নিয়ে তার কারখানার সামনে অবস্থান নেয়। এ সময় তারা শারমিন গ্রুপের শ্রমিকদের বের হয়ে আসার দাবি জানালে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সঙ্গে সঙ্গে তিনি কারখানায় ছুটির ঘোষণা করেন। মুহূর্তেই ১১ হাজার শ্রমিক সড়কে নেমে গেলে তার দেখা দেখি পাশের বৃহৎ পোশাক কারখানা হামিম গ্রুপেও ছুটি ঘোষণা করা হয়।
এর ধারাবাহিকতায় একের পর এক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা সব পথে নেমে দাবি আদায়ে মারমুখি অবস্থান নেয়।
এভাবে হাজার হাজার শ্রমিক সড়কে নেমে গেলে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারায় আইনশৃঙ্খলা বাহিনী।
দুপুর গড়াতে না গড়াতেই শান্ত থাকা শিল্পাঞ্চল সাভারে শুরু হয় শ্রমিকদের আন্দোলন।
তেঁতুলঝরা এলাকা থেকে বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বের হয়ে সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুরের কবলে পড়ে সড়কের পাশে থাকা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকানপাটসহ ব্যাংক ও হাসপাতাল।
শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাভার মডেল থানায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান ও ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন। তারা বলেন, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সরকার পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় মজুরি বোর্ড গঠন করেছে। তা সত্ত্বেও শ্রমিকদের বিভ্রান্ত করে তৃতীয় একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে।
তাদের হুঁশিয়ারি দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশ কর্মকর্তারা।
আন্দোলনে থাকা শ্রমিকরা জানায়, সবকিছুর দাম বেড়েছে। কেবল বাড়েনি তাদের বেতন। হেমায়েতপুর বাস স্ট্যান্ডে সমবেত হতে থাকা তৈরি পোশাক শ্রমিক বিপ্লব বলেন, বাধ্য হয়ে আমরা আন্দোলনে নামছি। দাবি পূরণ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
তৈরি পোশাক কারখানার অপারেটর নাসিমা বলেন, সরকারি অফিসাররা হেগো বেতন বাড়াইয়া নিছে। আমাগো বেতন বাড়াইব কেডা। আমাগো কথা কওনের কোনো লোক নাই। তাই আমরা বেতন বাড়ানোর লাইগা আন্দোলনে নামছি।
শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, নানা সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে দেশের তৈরি পোশাক খাত। জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির কারণে সব কিছুর দাম বেড়েছে। সাময়িকভাবে সাধারণ শ্রমিকদের বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। তবে সরকার যেহেতু মজুরি বোর্ড গঠন করেছে শ্রমিকদের প্রয়োজন ছিল এই মুহূর্তে ধৈর্য ধারণ করে অপেক্ষা করা।
১১ হাজার শ্রমিক কাজ না করায় এক দিনেই তার ক্ষতি দুই কোটি টাকা ছাড়িয়েছে উল্লেখ করে ইসমাইল হোসেন বলেন, এভাবে লোকসান চলতে থাকলে তো কারখানা বন্ধ করে দিতে হবে। এ ছাড়া কোনো উপায় থাকবে না। বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন করার বিষয়টি শ্রমিকদের জানালেও তাতেও সায় দেয়নি তারা।
শিল্প পুলিশ-১ এর সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে, কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। ফলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।’- এ বিষয়ে শ্রমিকদের বোঝানো হচ্ছে। তবে দুপুরের দিকে নরসিংহপুরের বৃহৎ তৈরি পোশাক কারখানার শারমিন গ্রুপের সামনে এক দল শ্রমিক লাঠি সোটা নিয়ে অবস্থান নিলে বেগতিক পরিস্থিতি দেখে শারমিন গ্রুপ ছুটি ঘোষণা করলে ১১ হাজার শ্রমিক বের হয়ে যায় একযোগে। এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী হামিম গ্রুপেও ছুটি ঘোষণা করা হয়। এভাবে একে একে আশুলিয়ায় অন্যান্য তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হাজার হাজার শ্রমিকের বিপরীতে সীমিত পুলিশ সদস্যের তৎপরতা পরিস্থিতিকে কতটা সহনীয় করতে পারবে সে বিষয়ে খোদ শংকায় রয়েছেন তৈরি পোশাক কারখানার মালিকরাই।
আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়াসহ বিভিন্ন অঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুলিশস আহত হন ৩০ জন।

জাহিদুর রহমান