সাভারে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া, একের পর এক কারখানা ছুটি
ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের তিন দফা দাবিতে আজও অস্থিরতা বিরাজ করছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায়। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে দাবি আদায়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসায় ঢাকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে অর্ধশতাধিক কারখানা।
সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে কারখানায় হাজিরা দিয়েই সড়কে নেমে আসেন তৈরি পোশাক শ্রমিকরা। এ সময় তারা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেন।
এদিকে, সকালে আশুলিয়ার নরসিংহপুরে শারমিন গ্রুপ, হামীম গ্রুপ ও সেতারা গ্রুপ; জামগড়ায় ফ্যাশন ফোরাম এবং শিমুলতলায় নাভা নিট কম্পোজিট ও এনভয় গ্রুপের শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে কর্মবিরতি শুরু করেন। এমন পরিস্থিতিতে জামগড়ার ইয়াগী বাংলাদেশ এবং গোরাট এলাকার ডেবোনিয়ার ও হলিউড গার্মেন্টসে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।
একপর্যায়ে সব কটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা একযোগে সড়কে নেমে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। তবে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

জাহিদুর রহমান