সাভারে পার্কিংয়ে থাকা বাসে আগুন
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিংয়ে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির বড় অংশই পুড়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আমিনবাজারের অদূরে মধুমতি মডেল টাউন এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহণের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য ততক্ষণে বাসটি আগুনে পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাস মালিককে মামলা করার জন্য বলা হয়েছে। মামলা করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদুর রহমান