গাজীপুরে মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে করা শ্রমিকদের এই আন্দোলনে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে অবরোধ শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১০টা মিনিট) শ্রমিকদের আন্দোলন চলছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকেরবাড়ি এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি পোশাক কারখানা আজকের জন্য এবং এ পর্যন্ত মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা চলছে। শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

নাসির আহমেদ, গাজীপুর