চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১
চাঁদপুর জেলার বিভিন্ন থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৮ জন, হাইমচর থানায় ১ জন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব দক্ষিণ থানায় ৩ জন, মতলব উত্তর থানায় ১ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুজনকে এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
এদিকে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ৫ জন এবং কচুয়া থানা পুলিশ ৪ জনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বলেন, আটক কিশোরদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া গ্রেপ্তার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর