চাটমোহরে ৬১১ বস্তা সার লুট: উদ্ধার ১০৭ বস্তা, গ্রেপ্তার ১
পাবনার চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের ঘটনার পর ১০৭ বস্তা উদ্ধার এবং জহুরুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নয় বস্তা সারসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
সার লুটের ঘটনায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের শনাক্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন সার ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে ও আটক করতে কাজ চলছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় একটি গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনাটি ঘটে।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)