কুষ্টিয়ায় স্কুলছাত্রী ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ইমন
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা নামে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত আসামী ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যরাতে জেলা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জেলা পুলিশের ফেসবুক পেইজে রাতেই বিষয়টি নিশ্চিত করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ইমনকে গ্রেপ্তারের পর তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আজ পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
এর আগে সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া সুলতানাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ইমন নামে এক কিশোর। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় আহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ জাকারিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে সদরের পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত ইমন সানআপ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ও শহরের পূর্বমজমপুর এলাকার আব্বাস আলীর ছেলে। প্রাইভেট পড়তে গিয়েই ইমনের সাথে জাকিয়ার পরিচয় হয়। জাকিয়া সুলতানার দাবি, সেখান থেকেই তাকে উত্ত্যক্ত করে আসছিল ইমন। আহত জাকিয়া কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া