সরকার যদি ব্যর্থ হয়, আমরা বসে থাকব না: জামায়াত আমির
সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারকে এর সম্পূর্ণ দায় নেওয়ার দাবি জানিয়ে জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায়ও নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরা বসে থাকব না।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সংসদে দেওয়া বক্তব্যে তিনি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, গত কয়েক দিন ধরে আর্মি গলফ ক্লাব, এসবির সদর দপ্তরের সামনে, থানার গেটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এমন ঘটনা ঘটেছে, সর্বশেষ ঘটনায় আহত হয়েছেন দুজন।
এ ছাড়া পার্বত্য এলাকায় এক তরুণ সেনাসদস্যের প্রাণহানি, সাজেক ভ্যালিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন জামায়াত আমির।

নিজস্ব প্রতিবেদক