ময়মনসিংহে রেললাইনে অগ্নিসংযোগকালে গ্রেপ্তার দুই ছাত্রলীগনেতা
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইনে অগ্নিসংযোগ করার সময় কার্যক্রম নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে ছাত্রদল নেতারা। আটকের পর তাদেরকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন সরকারি আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক নির্ঝর ও সদস্য ঝিনুক। সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক ও বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান এই খবর নিশ্চিত করেছেন।
ঘটনার পর তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে বাকৃবি ছাত্রদল। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও নাশকতামূলক কাজের জন্য বাকৃবি ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দোষারোপ করেছেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান।
বাকৃবি ছাত্রদল, বাকৃবি সাংবাদিক সমিতিসহ একাধিক ফেসবুক পোস্টে ভাইরার হওয়া ভিডিও থেকে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে আটক দুই যুবক টায়ার নিয়ে বাকৃবি ইয়াসিন মার্কেটের পাশে রেললাইনের কাছে গিয়ে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। মুহূর্তে খবরটি চলে যায় ছাত্রদল নেতা আতিকুর রহমানের কাছে। দ্রুত তারা ১৫-২০ জনের একটি দল বাইকযেগে ঘটনাস্থলে পৌঁছে সেই দুজনকে আটক করে। আটক ছাত্রলীগ নেতারা তাদের সাংগাঠনিক সম্পাদক শৈবালের সমর্থক বলে বলে দাবি করেন।
এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, সোমবার ভোরে শহরে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের পর থেকে ক্যাম্পাসে ছাত্রদল সতর্ক অবস্থানে ছিল। তাই খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে আটক করে। ক্যাম্পাসে ছাত্রদলের নাশকতাবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্ররা আটক দুই যুবককে পুলিশে সোপর্দ করার পর তাদের থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইয়ুব আলী, ময়মনসিংহ